৯২.৫৬ শতাংশ রেকর্ড ভোটে নতুন অধ্যায় বাংলার রাজনীতিতে! কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন, ভোটারদের ব্যাপক অংশগ্রহণে তৈরি হলো নতুন নজির! দুই দফাতেই হিংসা*মুক্ত ভোট, নেই বড় কোনো সংঘ*র্ষ, নেই প্রাণ*হানি!

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এক নতুন দৃষ্টান্ত তৈরি করল। বহুদিন পর এমন একটি ভোটপর্ব দেখল রাজ্য, যেখানে উত্তেজনা থাকলেও বড়সড় হিংসা বা অশান্তির ঘটনা কার্যত অনুপস্থিত। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ, শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রশাসনের কঠোর নজরদারি সব মিলিয়ে এই নির্বাচন ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এটাই কি ভবিষ্যতের নির্বাচনের নতুন মডেল হতে চলেছে?

এই নির্বাচনের মূল আকর্ষণ নিঃসন্দেহে রেকর্ড ভোটদানের হার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুই দফা মিলিয়ে মোট ভোট পড়েছে প্রায় ৯২.৫৬ শতাংশ, যা স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ বলে দাবি করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় দফা দুই পর্যায়েই এমন অংশগ্রহণ আগে কখনও দেখা যায়নি। অনেকেই মনে করছেন, ভোটারদের মধ্যে ভয় কাটিয়ে উঠতে পারাটাই এই সাফল্যের মূল চাবিকাঠি।

ভোটের আগে থেকেই কমিশনের তরফে নেওয়া একাধিক পদক্ষেপ এই পরিস্থিতি তৈরি করতে বড় ভূমিকা নিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন, বুথভিত্তিক নজরদারি এবং বারবার সচেতনতা প্রচার সব মিলিয়ে ভোটারদের মধ্যে আস্থা তৈরি হয়েছে। আগে যে সব মানুষ ভোট দিতে যেতেন না বা ভয় পেতেন, তারাও এবার লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। এমনকি বুথ দখল বা পোলিং এজেন্টকে বের করে দেওয়ার মতো অভিযোগও এবার কার্যত শোনা যায়নি, যা বাংলার নির্বাচনী ইতিহাসে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সবচেয়ে বড় বিষয়, এই দুই দফার ভোটে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। যেখানে ২০২১ সালের নির্বাচনে ২৪ জন এবং ২০১৬ সালে ৭ জন প্রাণ হারিয়েছিলেন, সেখানে এবার সেই সংখ্যা শূন্য। শুধু তাই নয়, আগের নির্বাচনে যেখানে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছিল, এবার একটিও বোমা উদ্ধার হয়নি। যদিও কিছু ছোটখাটো অভিযোগ এসেছে যেমন ব্যালটে টেপ লাগানো বা অন্যান্য কারচুপির চেষ্টা তবে তা সীমিত সংখ্যক বুথেই সীমাবদ্ধ ছিল। মোট ৭৭টি বুথ থেকে অভিযোগ এসেছে এবং কয়েকটি জায়গায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ভোট শেষ হতেই বেহালায় উত্তেজনা! EVM ঘিরে ধুন্ধুমার, মারধরে রক্তাক্ত তৃণমূল নেতা! দোষারোপের রাজনীতির আড়ালে আসল সত্যিটা কী ? তা নিয়েই সরগরম জনমত!

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, সম্ভাব্য অশান্তি এড়াতে ৬৮৭ জনকে আগাম গ্রেফতার করা হয়েছিল। এই কড়া পদক্ষেপও শান্তিপূর্ণ ভোটের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে। কমিশনের সিইও মনোজ আগরওয়াল এক সাক্ষাৎকারে বলেছেন, “দুই দফাতেই শান্তিপূর্ণ ভোট হয়েছে, কোনও বড় গণ্ডগোল হয়নি। ছোটখাটো সমস্যা সব জায়গাতেই থাকে, কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ এবার দৃষ্টান্ত স্থাপন করেছে।” সব মিলিয়ে, এই নির্বাচন শুধু ফলাফলের জন্য নয়, বরং তার পরিচালনার ধরণ ও পরিবেশের জন্যও ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles