বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে একটি খাবার, মোমো। তরুণ প্রজন্মের কাছে তো এই খাবার খুবই জনপ্রিয়। সুস্বাদু ও স্বাস্থ্যকর এই খাবার খেতে পছন্দ করেন অনেকেই। সেই সঙ্গে মোমোর চাটনিও বেশ পছন্দ সকলের। গরম গরম মোমোর সঙ্গে ঝাল ঝাল চাটনি, ভেবেই জিভে জল আসে না? তবে এই চাটনি চাইতে গিয়েই বড় বিপদ বাঁধল এক যুবকের।
মোমো খেতে গিয়ে অতিরিক্ত চাটনি বা স্যুপ অনেকেই চেয়ে থাকেন। কিন্তু চাটনি চাইতে গিয়ে যে সোজা হাসপাতালে পৌঁছে যাবেন, তা হয়ত ভাবতেই পারেন নি ৩৪ বছরের কুমার সন্দীপ। মোমো বিক্রেতার কাছে অতিরিক্ত চাটনি চাইতেই যুবককে ছুরি দিয়ে আক্রমণ করেন বিক্রেতা। এই ঘটনায় বিক্রেতার বিরুদ্ধে খু’নের চেষ্টার মামলা রুজু হয়েছে।
কী ঘটেছিল ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে দিল্লির বিশ্বাসনগরে। সেখানকার এক যুবক কুমার সন্দীপ একটি মোবাইল চার্জার নির্মাণের ছোট্ট সংস্থা চালান। জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় এক দোকানে মোমো খেতে গিয়েছিলেন তিনি। মোমোর সঙ্গে অতিরিক্ত স্যুপ ও চাটনি দেওয়া হয়েছিল। তবে আরও কিছুটা চাটনি চান সন্দীপ। আর তা দিতে রাজি হন নি বিক্রেতা। ওই বিক্রেতার কাছে স্টক ফুরিয়ে আসছিল বলে তিনি চাটনি দিতে অস্বীকার করেন।
এই নিয়ে বিক্রেতা বিকাশ ও সন্দীপের বচসা বাঁধে। ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, সেই সময় আচমকাই অভিযুক্ত বিকাশ কোথা থেকে একটি ছুরি বের করে সন্দীপের উপর চড়াও হন।সন্দীপের মুখে দু’বার সেই ছুরি চালিয়েও দেন।
ক্রেতাকে ছুরি মে’রে দ্রুত চম্পট দেন বিকাশ। এই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত বিকাশের বিরুদ্ধে খু’নের চেষ্টা করার মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত খোঁজ মেলেনি অভিযুক্তর।
অন্যদিকে, এই ঘটনায় গুরুতর জখম হন সন্দীপ। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।





