শহরের ১৫টিরও বেশি স্কুলে এল বোমা হামলার হুমকি। জানা গিয়েছে, আজ, শুক্রবার সকালে বেনামী ইমেইলে এই হুমকি পাঠানো হয়েছে। এই ইমেইলে দাবী করা হয়েছে যে স্কুল চত্বরে রয়েছে বোমা। এমন খবর পাওয়ার পর থেকেই আতঙ্ক তৈরি হয় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। স্কুলগুলি খালি করে দেওয়া হয় পুলিশের তৎপরতায়। সমস্ত স্কুলে আপাতত তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আজ, শুক্রবার বেঙ্গালুরু শহরের একাধিক স্কুলে বোমা হামলার হুমকি মেইল আসে। প্রথমে বাসেশ্বর নগরের নেপেল এবং বিদ্যাশিল্প-সহ মোট সাতটি স্কুলে এই হুমকি ইমেইল এসেছিল। এই স্কুলগুলির মধ্যে একটি কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বাসভবনের ঠিক বিপরীতেই অবস্থিত। এর কিছুক্ষণ পরই আবার আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সেই হুমকি আসে ইমেইলের মাধ্যমেই।
দ্রুত পদক্ষেপ নেয় বেঙ্গালুরু পুলিশ। সতর্কতার সঙ্গে সমস্ত স্কুলের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের স্কুল থেকে বের করে নিয়ে আসা হয়। বোমা নিষ্ক্রিয়কারী বাহিনী প্রত্যেক স্কুলের চত্বরে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালাচ্ছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি বলে জানা গিয়েছে। পুলিশের অনুমান কেউ মজা করে এমন হুমকি দিয়েছে। তবে হুমকির কথা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
https://twitter.com/madhuriadnal/status/1730458783506366939?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1730458783506366939%7Ctwgr%5Eed5f941bb79bb421e65230fcb1bb53d1f48f7af0%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fbengaluru-over-15-schools-evacuated-after-bomb-threat-by-mail-959602.html
উল্লেখ্য, গত বছরও বেঙ্গালুরুই বেশ কিছু স্কুলে এমনই হুমকি ইমেইল এসেছিল। তবে সেই সবকটিই ছিল ভুয়ো। এই ক্ষেত্রেও তেমনটাই হয়েছে বলে পুলিশের অনুমান। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন যে বেঙ্গালুরুর পুলিশ সন্ত্রাস দমন শাখার কর্মীরা এই হুমকি পাওয়া স্কুলগুলিতে তৎপরতার সঙ্গে তল্লাশি চালাচ্ছেন।
কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “আমরা এখনও পর্যন্ত ১৫টি স্কুল থেকে এই ই-মেইল পাওয়ার খবর পেয়েছি। গত বছরও একই রকমের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু, ঝুঁকি নেওয়া যায় না। যে বা যারা এই হুমকি দিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি”।






