Covid19 Warriors: করোনা রোগীদের সেবায় মায়ের শেষকৃত্যতেও গেলেন না চিকিৎসক

করোনার কালোছায়ার বিরুদ্ধে যেসব বীর যোদ্ধারা অনবরত লড়ে চলেছেন তাদেরই একজন বীর সৈনিক হলেন চিকিৎসক রামমূর্তি মীনা। হাসপাতালের আইসিইউ বিভাগের ডাক্তার মীনা তার কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন ডাক্তারকে কেন ভগবানের পরেই রাখা হয়।

জয়পুর সোয়াই মান সিংহ হাসপাতালে আইসিইউতে করোনা রোগীদের সেবায় নিবেদিত চিকিৎসক রামমূর্তি মীনা। আইসিইউতে কাজ মানে বিশাল দায়িত্ব, তার ওপর যদি সেই আইসিইউ হয় করোনায় আক্রান্তদের জন্য, তাহলে সেই দায়িত্বের ভার আরও কয়েক গুণ বেড়ে যায়। সেইসঙ্গে রোগীদের মতো নিজেদের আইসোলেশনে থাকতে হয়।

নিজের দায়িত্বের প্রতি অনড় তিনি, মায়ের মৃত্যুর সময় পর্যন্ত পাশে থাকতে পারলেন না। গত ৩০ তারিখ, ৯৩ বছর বয়সে মারা যান রামমূর্তির মা ভোলি দেবী। কিন্তু, চিকিৎসক-ছেলের কাছে কর্তব্য বড় ছিল।এই পরিস্থিতিতে তাঁর মাকে শেষবারের মতো সামনে থেকে দেখতেও পেলেন না এই চিকিৎসক। ভিডিও কলের মাধ্যমে মায়ের শেষকৃত্য দেখলেন তিনি। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে চোখ ভিজেছিল। কোনওমতে নিজেকে সামলে রোগীসেবা করে গিয়েছেন তিনি। শেষকৃত্য করেন তাঁর ভাই।

এসএমএস হাসপাতাল হল রাজস্থানের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। এখানেই এক দল ইতালীয় পর্যটকের শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। পরে, তাঁরা সুস্থ হয়ে ফিরে যান। রামমূর্তি বলেন, “আমার মা মারা গেছেন। তাঁর জন্য আমি কিছু করতে পারবো না। কিন্তু, যাঁরা বেঁচে আছেন এবং কষ্ট পাচ্ছেন, তাদের জন্য আমি অনেক কিছু এখনও করতে পারি। আমাকে তাঁদের বেশি প্রয়োজন। আমি ওই রোগীদের ছেড়ে যেতে পারিনি। আমার স্ত্রী ও সন্তান কারাউলি জেলায় রয়েছে। আমার তিন ভাই ও বাবা আমার সিদ্ধান্তকে সমর্থন করে বলেছে, তুমি শোক পালন না করে সেবা করো। ওরাই আমাকে সাহস যুগিয়েছে, যাতে আমি আমার কাজ করে যেতে পারি। “

হাসপাতালের নার্সরা রামমূর্তির এই কর্তব্যবোধকে কুর্ণিশ জানিয়েছে। তাঁরা তাঁর ভূয়সী প্রশংসা করে জানান, ডাক্তারবাবু আজ যেন কর্তব্য পালনের জলজ্যান্ত প্রতিভূ। লোকে বলে মায়ের থেকে বড় পৃথিবীতে কেউ নেই সেখানে তিনি তাঁর শেষ কাজে গেলেন না। কারণ বহু সঙ্কটজনক রোগী হাসপাতালে ছিলেন। শোকের সময় উনি পরিবারের সঙ্গে থাকতে পারলেন না, এতে আমরা দুঃখিত। কিন্তু, একইসঙ্গে দেশের সব মেডিক্যাল পেশাদারদের জন্য উনি এক অনুপ্রেরণা হয়ে থাকলেন। আমরা ওনার জন্য গর্বিত।

RELATED Articles

Leave a Comment