মা সত্যি মা-ই হয়। তাঁর কোনও তুলনা নেই। মায়ের সঙ্গে আমাদের নাড়ির সম্পর্ক। আর সেই বাঁধন আলগা করার সাধ্য কারোর নেই। সন্তানের কখন ঠিক কী প্রয়োজন, তা একজন মা ছাড়া আর কেই বা বুঝতে পারে! মায়ের ভালোবাসা নিঃস্বার্থ।
আর তা ফের দেখা গেল বিশাখাপত্তনম বিমানবন্দরের বাইরে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরেছে মেয়ে। তাঁকে দেখা মাত্রই খেতে বসিয়ে দিলেন মা। বিমানবন্দরের সামনের রাস্তাতেই খাবার সাজিয়ে পরম আদরে সাজিয়ে দিলেন মেয়ের প্রিয় খাবার।
প্রসঙ্গত, অন্যান্য দেশেও রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধের প্রভাব পড়ছে। আজ, মঙ্গলবার সকালে খারকভে রুশ গোলায় এক ভারতীয় পড়ুয়ার মৃত্যুর খবর মিলেছে। এই খবর টুইট করে জানিয়েছেন বিদেশমন্ত্রক। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে এই প্রথম কোনও ভারতীয়ের মৃত্যুর খবর মিলল। এখনও অনেক ভারতীয় পড়ুয়া সে দেশে আটকে রয়েছেন। তাদের মধ্যেই একজন ছিলেন বিশাখাপত্তমের ছাত্রী তেজস্বিনী।
ইউক্রেনের অবস্থা জানার পর থেকেই নাওয়া-খাওয়া ভুলেছিলেন তেজস্বিনীর মা রমা লক্ষ্মী। মেয়ে কেমন আছে, আদৌ কিছু খাবার জুটছে কী না? মেয়েটার মুখ আদৌ আর কোনওদিন দেখতে পাবেন কী না, এমন সব চিন্তাই কুড়ে কুড়ে খাচ্ছিল রমাকে। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করে যাচ্ছিলেন যে মেয়েটা যেন সুস্থভাবে বাড়ি ফেরে।
প্রার্থনা সফল হয়েছে তাঁর। বিদেশমন্ত্রকের সাহায্যেই দেশে ফিরেছেন তেজস্বিনী। মেয়েকে দেখামাত্রই আবেগে ভাসেন রমা। আর বাড়ি ফেরার অপেক্ষায় না থেকে বিমানবন্দরের সামনেই মেয়েকে বসিয়ে খেতেএ দেন তিনি। মেয়ের সামনে সাজিয়ে দেন তাঁর প্রিয় খাবার। এই খাবারের সঙ্গেই সঙ্গেই যেন নিজের সমস্ত ভালবাসা উজার করে দিলেন রমা লক্ষ্মী।

মা-মেয়ের এমন দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আবেগতাড়িত হয়ে পড়েছেন নেটিজেনরাও। এই ভিডিওকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারা। মা তো এমনই হয়, মন্তব্য নেটবাসীদের।





