আজ সকালে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে পরিযায়ী শ্রমিকদের ওপর ঘটা ট্রেন দুর্ঘটনায় মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ ঘোষণা করা হলো। মৃত ১৪ জনের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মৃতদের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস, তাঁদের সবরকম সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছে রাজ্য সরকার।
পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় রেলও। রেলের তরফে জানানো হয়েছে, মালগাড়ির চালকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। রেলের দাবি, ভোরে রেললাইনের ওপর শ্রমিকদের শুয়ে থাকতে দেখেছিলেন মালগাড়ির চালক। তিনি ট্রেন থামানোর আপ্রাণ চেষ্টাও করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত বিষয়টি তাঁর হাতের বাইরে বেরিয়ে যায়। বদনাপুর ও কর্মাদ স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে যায়। ঔরঙ্গাবাদে মালগাড়ির ধাক্কায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোহাকত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই এই ঘটনা কীভাবে ঘটল, চালকের ভূমিকা কী, তা নিয়ে রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, “এতগুলো প্রাণ একসঙ্গে শেষ হয়ে গেল। আমরা মর্মাহত। রেলমন্ত্রী গোটা বিষয়টির ওপর নজর রেখেছেন। প্রয়োজনীয় সমস্ত রকম বিষয়ে সাহায্য করা হবে।” ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন মধ্যপ্রদেশের আদিবাসী কল্যাণ দফতরের মন্ত্রী মীনা সিং।
ঔরঙ্গাবাদ পুলিশ সূত্রে খবর, ওই শ্রমিকরা জানলায় একটি স্টিল প্ল্যান্টে কাজ করতেন। লকডাউনে আটকে পড়েছিলেন। তাই একসঙ্গে রেললাইন ধরে ৬৫ কিলোমিটার হেঁটেছিলেন। ভোররাতে ঔরঙ্গাবাদের কর্মাদ সংলগ্ন এলাকায় লাইনের ওপরেই ঘুমিয়ে পড়েন তাঁরা । ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি মালগাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ১৪ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকি পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে ঔরঙ্গাবাদ পুলিশ।






