করোনা আবহে যেখানে মানুষের বেঁচে থাকাটাই বড়সড় প্রশ্নচিহ্নের মুখে সেখানে এক অপ্রত্যাশিত ঘটনা লজ্জায় ফেলছে দেশকে। আঘাত হেনেছে ভারতের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যে। এবার এমনই এক ঘটনার সাক্ষী হল কর্নাটক। রাজ্যের দাভাংরে এলাকার এক ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, হিন্দু দোকানদারের থেকে ঈদের জামাকাপড় কেনায় দুই মুসলমান মহিলাকে হেনস্থা করা হচ্ছে। অভিযোগ উঠেছে, মুসলমান সম্প্রদায়ের একদল লোক ঘিরে ধরে তাঁদের হেনস্থা করে।
ওই ভিডিওতে দেখা গিয়েছে, দুই মহিলার একজনের হাতে কয়েকটি জামাকাপড়ের প্যাকেট রয়েছে। আর তাঁদের পাশে বেশ কয়েজন যুবক। তাদের বক্তব্য, ওই জামাকাপড় কেনও হিন্দুর দোকান থেকে কেনা হয়েছে? ভিডিওতে এক মহিলাকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও আর এক মহিলার হাত থেকে পোশাকের প্যাকেট কেড়ে নেওয়া হচ্ছে। জোর করে ব্যাগ কেড়ে নেওয়ার পরে একটি অটো দাঁড় করিয়ে ওই মহিলাদের উঠে যেতে বলা হয়। অটোর অন্য যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তবে ওই মহিলারা অটোয় উঠেছিলেন কিনা সেটা ভিডিওতে দেখা যাচ্ছে না।
https://twitter.com/ShobhaBJP/status/1261997953016672256?s=20
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। ভিডিওটি টুইটারে পোস্ট করে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি সাংসদ শোভা কারন্দলাজে। কর্ণাটকে এসব কী হচ্ছে, প্রশ্ন তুলেছেন তিনি। একজন হিন্দু ব্যবসায়ীর থেকে মুসলমান মহিলা কেনও জামা কিনতে পারবেন না, সেই প্রশ্নও তুলেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই ভিডিওতে দেখতে পাওয়া হেনস্থাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন। সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করার পরে এবং ভিডিওতে উপস্থিত মহিলাদের সঙ্গে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।





