সামনের মাসেই রয়েছে গোয়ায় বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে তৃণমূল-কংগ্রেস কী জোট বাঁধছে, তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে জাতীয় রাজনীতিতে। আজ, শনিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে এমন আবেদন জানান সদ্য তৃণমূলে যোগ দেওয়া নাফিসা আলি। তিনি এই বিষয়ে একটি টুইটও করেন।
এদিকে আগামীকালই গোয়া সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের ঠিক একদিন আগেই নাফিসা আলির এই টুইট যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।
এদিন টুইটে নাফিসা আলি লেখেন, “আমি অত্যন্ত আত্মবিশ্বাসী শ্রীমতী সোনিয়া গান্ধী যদি অনুভব করেন এবং বলেন, তাহলে তিনি চিদম্বরমের মাধ্যমে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট নিয়ে আলোচনা করতেই পারেন। আমি জানি শ্রীমতী সোনিয়া গান্ধী এইসব ইগো পলিটিক্সের উর্ধ্বে”। তাঁর এই টুইট বেশ আলোড়ন ফেলেছে রাজনৈতিক মহলে।
গোয়ায় এখনও ২০টি আসনে প্রার্থী দেওয়া বাকি তৃণমূলের। এখনও পর্যন্ত ১১টি আসনে প্রার্থী দিয়েছে তারা। এমন আবহে আগামীকাল তিনদিনের সফরে গোয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের থেকে সবুজ সংকেত পেলেই গোয়ায় খেলা বেশ জমে যাবে। এই কারণেই এমন টুইট করলেন তৃণমূলনেত্রী নাফিসা আলি।
ইতিমধ্যেই গোয়ায় মহারাষ্ট্র গোমন্তক পার্টিকে নিয়ে মোট ২০ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। ১১টি নিজেদের রেখে বাকি ৯টি শরিককে ছেড়েছে ঘাসফুল শিবির। বাকি রয়েছে আরও ২০টি আসন।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়ায় বলেন, “কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ বিজেপিকেই ভোট দেওয়া। আর বিজেপি জিতলে তা দায় বর্তাবে কংগ্রেসের উপর”। কোঙ্কণ উপকূলে এখন এরপর কী হয়, এখন সেটাই দেখার।





