আগামীকাল ফের একসঙ্গে মোদী-মমতা, ক্যানসার হাসপাতালের উদ্বোধনে দুই যুযুধান প্রতিপক্ষ, ‘আমরাও টাকা দিয়েছি’, দাবী মমতার

আগামীকাল, শুক্রবার কলকাতার চিত্তরঞ্জন ন্যাশানাল ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদীর সঙ্গে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানালেন মুখ্যমন্ত্রী নিজেই।

আজ, বৃহস্পতিবার বেলার দিকে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয় যে আগামীকাল শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে এই হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে জানানো হয়, প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য হল দেশের সর্বত্র স্বাস্থ্য পরিষেবার উন্নতি। সেকথা মাথায় রেখেই এই দ্বিতীয় ক্যাম্পাসটি তৈরি করা হয়েছে।

এদিন বিকেলে মমতা বলেন, “কাল প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করব। অনুষ্ঠান ভার্চুয়ালি হবে। সেটা কালীঘাটের অফিস থেকেই করে দেব আমি”।

কেন্দ্রীয় সরকারের তরফে নিউ টাউনে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে এই ক্যানসার হাসপাতালে সমস্ত ধরণের অত্যাধুনিক সুযোগসুবিধা মিলবে।

এই হাসপাতালে রয়েছে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা। রোগীর আত্মীয়ের জন্য রয়েছে অতিথিনিবাস ও চিকিৎসকদের জন্য রয়েছে আবাসন। এই হাসপাতালে মোট শয্যাসংখ্যা ৭৫০টি।

এই দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করতে খরচ হয়েছে মোট ১০০০ কোটি টাকা। বৃহস্পতিবার মমতা বলেন, “আমরাও ২৫ শতাংশ টাকা খরচ করেছি এই হাসপাতালের জন্য”।

RELATED Articles