‘৩৭০ ধারা রদের ফলেই নতুন রূপ পেয়েছে কাশ্মীর’, উপত্যকায় গিয়ে কোটি কোটি টাকার প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর, লোকসভা নির্বাচনের আগে বড় স্ট্রোক!

সামনেই লোকসভা নির্বাচন। আর এর ঠিক আগেই এক বড়সড় স্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরে কোটি কোটি টাকার প্রকল্পের সূচনা করলেন তিনি। তাঁর কথায়, উন্নয়নের ফলেই বোমা-বিস্ফোরণের যুগের অবসান ঘটেছে। জম্মু ও কাশ্মীরে তাই মধ্যপ্রাচ্যের দেশগুলি বিনিয়োগ করতে চাইছে।

কী বললেন প্রধানমন্ত্রী?

গতকাল, মঙ্গলবার জম্মুর মৌলনা আজাদ স্টেডিয়ামে দাঁড়িয়ে জম্মু ও কাশ্মীরের জন্য ৩২ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিপুল সংখ্যক জনতার সামনে দাঁড়িয়ে তিনি বলেন, “বিজেপি মানুষের স্বপ্নপূরণ করছে। যে স্বপ্ন ৭০ বছরেও পূর্ণ হয়নি। মোদি গ্যারান্টিই শেষ কথা। আর সেই গ্যারান্টি বলছে, সকলেরই স্বপ্ন পূর্ণ হবে। এতকাল কাশ্মীর থেকে কেবল দুঃখের সংবাদই শোনা যেত। বোমা বিস্ফোরণ, অপহরণ, বিচ্ছিন্নতাবাদ… আজ শিক্ষা, সংযোগ ও উন্নয়ন সেগুলিকে অপসারিত করেছে। এবার জম্মু ও কাশ্মীর উন্নতি ও উন্নয়নের পথে”।

এদিন জম্মু ও কাশ্মীরে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা, সড়ক, রেল, নানান খাতে ৩২ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। কোনও প্রকল্পের উদ্বোধন করেন, তো আবার কোনও প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এদিন তিনি।  

এই প্রসঙ্গে মোদী আরও বলেন, “কাশ্মীর নতুন একটা রূপ নিচ্ছে। দেশের বাকি অংশ ও জম্মু ও কাশ্মীরের মধ্যে দেওয়াল গড়ে দাঁড়িয়ে ছিল ৩৭০ ধারা। বিজেপি সেই দেওয়ালটা সরিয়ে দিয়েছে। এই ধারার অবলুপ্তি ঘটানোই আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে বিজেপির জন্য ৩৭০ ও এনডিএ জোটের জন্য ৪০০ আসনে জয়ের”।

প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলিই ব্যস্ত নিজেদের ঘুঁটি সাজাতে। এমন সময় জম্মু ও কাশ্মীরে এমন বড় অঙ্কের প্রকল্পের সূচনা করে যে নিজের ভোটের রাস্তা আরও প্রশস্ত করলেন প্রধানমন্ত্রী, তা বলাই বাহুল্য। এভাবেই উপত্যকা থেকেই ভোটের দামামা বাজালেন মোদী।  

RELATED Articles