উত্তরপ্রদেশে চলছে বিধানসভা নির্বাচন। নানান রাজনৈতিক দলে সভা-সমাবেশ চলছে রাজ্যের নানান জায়গায়। গতকাল, রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছন উত্তরপ্রদেশের উন্নাওতে। সেখানেই এক বিজেপি কর্মী প্রধানমন্ত্রীর পা স্পর্শ করতে গিয়েছিলেন।
বিজেপি নেতা তথা হরিয়ানার ইনচার্জ অরুণ যাদব সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এক বিজেপি কর্মী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে তাঁকে প্রণাম করতে যাচ্ছিলেন। কিন্তু তাঁকে থামিয়ে দেন মোদী আর এরপর নিজেই সেই কর্মীর পা ছুঁয়ে প্রণাম করেন তিনি।
অরুণ যাদব টুইট করে লিখেছেন, “কেবল মোদীই একজন কর্মীর পা ছুঁতে পারেন। কারণ, যে ব্যক্তি শ্রীরামের মূর্তি দিয়েছেন, তিনি তাকে নিজের পা স্পর্শ করতে দিতে পারেন না”।
এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই বিজেপি কর্মী প্রধানমন্ত্রীকে প্রথমে একটি ভগবান শ্রী রামের মূর্তি দেন এবং এরপর তিনি প্রধানমন্ত্রীকে প্রণাম করতে যান। তখনই মোদী তাঁকে থামিয়ে দেন।
এদিন উন্নাওয়ের সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “একটা সময় ছিল যখন সপ্তাহে সপ্তাহে দেশে ধারাবাহিক বিস্ফোরণ ঘটত। আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম, আহমেদাবাদেও ধারাবাহিক বোমা বিস্ফোরণ হয়েছিল। সেদিনের কথা আমি কখনো ভুলতে পারবো না। সেদিনই আমি সংকল্প করেছিলাম যে, আমার সরকার পাতাল থেকে এই সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি দেবে”।
মোদী আরও বলেন, “করোনার সঙ্কটের সময়ে আমরা রাস্তার বিক্রেতা, ঠেলা গাড়ি, ছোট ব্যবসায়ীদের সাথে পাশে দাঁড়িয়েছিলাম। পিএম স্বনিধি যোজনার অধীনে উত্তরপ্রদেশের প্রায় সাড়ে চার লক্ষ রাস্তার বিক্রেতা, ঠেলা গাড়ি, ছোট ব্যবসায়ী বন্ধুদের জন্য স্বল্প সুদে ব্যাঙ্কগুলি থেকে ঋণ মঞ্জুর করা হয়েছে”।





