প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফর কেবল কূটনৈতিক নয়, এটি দুই দেশের বন্ধুত্বের নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই দেখা হচ্ছে। সফরের প্রতিটি মুহূর্তে ভারত-ইজরায়েল সম্পর্ককে গভীর করার ইঙ্গিত মিলছে। তবে এই সফরে সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর হঠাৎ এক পোস্ট দেশ-বিদেশে চমক সৃষ্টি করেছে। যেখানে দেখা গেছে ইজরায়েলের প্রধানমন্ত্রী ভারতীয় পোশাকে, এবং পোস্টের ক্যাপশান লেখা হিন্দিতে।
নেতনিয়াহুর এক্স হ্যান্ডেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তিনি হাফ হাতা কোর্ট পরা, শার্ট-প্যান্টের উপর হাতে মিশিয়ে হাস্যমুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে করমর্দন করছেন। অন্যদিকে মোদির পরনে ছিল কুর্তা-পাজামা, তার উপর হালকা কোর্ট এবং গলায় মাফলার। ভিডিওতে দু’জনকেই খুশ মেজাজে দেখা যায়। হিন্দিতে লেখা ক্যাপশানে নেতানিয়াহু বলেছেন, “আমাদের নৈশভোজের ঠিক আগে। ভারতীয় পরম্পরার পোশাক পরে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদিকে চমকে দিয়েছি।” এই সরল ব্যবহার-ই সামাজিক মাধ্যমে বড় আলোড়ন তুলেছে।
ইতিমধ্যে মোদির সফর কেবল বন্ধুত্বের প্রতীক নয়, বরং কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করার দিকেও দৃষ্টি আকর্ষণ করছে। বুধবার প্রধানমন্ত্রী মোদিকে ‘স্পিকার অফ দ্য কেনেসেট মেডেল’ দিয়ে বিশেষ সম্মান জানানো হয়। কেনেসেটের স্পিকার আমির ওহানা মোদির হাতে এই মেডেল তুলে দেন। এটি ভারতের পক্ষ থেকে ইজরায়েলের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি প্রকাশ্য স্বীকৃতি হিসেবে ধরা হচ্ছে।
তবে শুধু সম্মাননা নয়, কেনেসেটে দাঁড়িয়ে মোদি একটি ইতিহাস সৃষ্টি করেন। কোনো ভারতীয় প্রধানমন্ত্রী প্রথমবার সেখানে ভাষণ দেন। ভাষণে তিনি গাজায় শান্তি ফেরানোর জন্য ভারতের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, “শান্তি আনার পথ সহজ নয়, কিন্তু আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা সম্ভব।” পাশাপাশি পাকিস্তানকে লক্ষ্য করে তিনি জঙ্গি কার্যকলাপের কোনও অজুহাত গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন। এই বক্তব্য কেবল রাজনৈতিকই নয়, এটি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করার একটি সুযোগ হয়ে দাঁড়ায়।
আরও পড়ুনঃ Income Tax R*aid : ভোটের মুখে রাজ্যে আবার আয়করের হানা! চলছে বাড়ি ও কারখানায় তল্লাশি, রহস্যের কেন্দ্রবিন্দুতে কোন নামী ব্যবসায়ী?
মোদি এই সফরে ইজরায়েলের সঙ্গে কৌশলগত এবং অর্থনৈতিক সহযোগিতার দিকেও মনোযোগ দেন। ভাষণের মধ্যে ভারতের অর্থনীতির উন্নতির দিকেও তিনি আলোকপাত করেন। এই সফরের প্রতিটি পদক্ষেপেই ইজরায়েল ভারতের প্রতি বন্ধুত্বের বার্তা দিচ্ছে। বিশেষত নেতানিয়াহুর ভারতীয় পোশাক পরা এবং হিন্দিতে পোস্ট করা ক্যাপশান কেবল সৌহার্দ্য প্রদর্শন নয়, এটি দুই দেশের মধ্যে সম্পর্কের গভীরতা দেখানোর এক চমৎকার উদাহরণ।






