বিজেপির (BJP) সঙ্গে সম্পর্ক শেষ করল জেডিইউ (JDU)। আজ, মঙ্গলবার দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। আজই বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন নীতীশ কুমার (Nitish Kumar)। জানা যাচ্ছে, এদিনের এই দলীয় বৈঠকের আগে অমিত শাহ (Amit Shah) ও জেপি নাড্ডার (J P Nadda) সঙ্গে কথা বলেন নীতীশ। কিন্তু লাভের লাভ কিছু হয়নি।
বিগত বেশ কিছুদিন ধরেই বিজেপি বিরোধী নানান মন্তব্য করছিলেন নীতীশ কুমার। জেডিইউ যে এনডিএ জোট ভেঙে বেরিয়ে আসতে পারে, তা অনুমান করাই হচ্ছিল ওয়াকিবহাল মহলের তরফে। আর তেমনটাই হল। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন নীতীশ।
দলীয় বৈঠকের পর জেডিইউ সাংসদ এবং বিধায়করা জানান যে নীতীশ কুমার যা সিদ্ধান্ত নেবেন, তাতে দল তাঁকে সমর্থন করবে। এরপরই কার্যত স্পষ্ট হয়ে যায় যে এনডিএ জোট থেকে নীতীশের বেরিয়ে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে নীতীশের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর।
সূত্রের খবর অনুযায়ী, এদিন ১৬ জন বিজেপি মন্ত্রী বিহার মন্ত্রিসভা থেকে ইস্তফা দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে পারেন তেজস্বী যাদব, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি মন্ত্রী জানান, “আমি কেন ইস্তফা দেব? আগে দেখি নীতীশ কুমার কী করেন, সেই ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে”।
এদিনের এই বৈঠকের আগেই কংগ্রেসের তরফে স্বাগত জানানো হয়েছিল নীতীশকে। কংগ্রেস, আরজেডি ও বাম বিধায়করা আলাদা করে বৈঠকও করেন বলে খবর। এই সময় বিহারের উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রকাশের বাড়িতে বৈঠক করা হয় বিজেপির তরফে। কংগ্রেস, আরজেডি ও বামেদের তরফে জানানো হয় যে তারা নীতীশকে সমর্থন করবে।
এই বিষয়ে কংগ্রেস নেতা অজিত শর্মা বলেন, “নীতীশ কুমার এলে আমরা স্বাগত জানাব। তাঁকে সমর্থন করা হবে। মহাজোটের বৈঠক চলছে। মুখ্যমন্ত্রী হিসাবে নীতীশকে মেনে নেওয়া হবে কী না, সেই বিষয়ে বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে”।






