গ্রাহকদের জন্য সুখবর! এবার মাত্র ৬৩৩ টাকাতেই মিলবে রান্নার গ্যাস, নতুন সিলিন্ডার কিনলে পাওয়া যাবে বাড়তি সুবিধাও

ক্রমেই রান্নার গ্যাসের দাম বেড়ে চলায় আমজনতার মাথায় হাত। পশ্চিমবঙ্গে এখন প্রতি সিলিন্ডারের দাম ৯২৬ টাকা। এককালীন এই টাকা দিয়ে সিলিন্ডার কেনার পর কেন্দ্র সরকারের ভর্তুকি বাবদ গ্রাজকদের অ্যাকাউন্টে জমা পড়ে ১৯ টাকা ৫৭ পয়সা।

তবে এই ভর্তুকির টাকাটুকু না নিলে এবার অনেক কম টাকাতেই পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার। সাধারণত যে লোহার সিলিন্ডার ব্যবহার করা হয়, তাতে গ্যাসের পরিমাণ থাকে ১৪.২ কেজি। লোহার সিলিন্ডারের ওজন আলাদা। কিন্তু এবার ঘরে আনতে পারেন কম্পোজিট সিলিন্ডার যা লোহার সিলিন্ডারের তুলনায় অনেক হালকা ও এতে গ্যাস থাকে ৫ বা ১০ কেজি। তবে এই সিলিন্ডারে সরকারি ভর্তুকি মিলবে না।

নতুন এই কম্পোজিট সিলিন্ডারে অনেক সুবিধা রয়েছে। প্রথমত এটি হালকা হওয়ায় সহজেই এ দিক, ও দিক করা যায়। এরইসঙ্গে এই সিলিন্ডার যে ভাবে বানানো হয়েছে তাতে বাইরে থেকেই দেখা যায় কতটা গ্যাস রয়েছে। বাড়িতে জোড়া সিলিন্ডার না রেখে প্রয়োজন মতো আনা যায়। তবে চাইলে কেউ জোড়া সিলিন্ডারের সুবিধা নিতেই পারেন। আবার এই সিলিন্ডারে মরচে ধরার ভয় নেই। ফলে বাড়ির মেঝেতে সিলিন্ডার রাখার জন্য সাধারণ ভাবে যে দাগ পড়ে তা এড়ানো যায়।

সাধারণ এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে যেমন প্রতি মাসের প্রথমের দিকে দাম বদলায়, এ ক্ষেত্রেও তাই। নভেম্বর মাসে ১০ কেজি সিলিন্ডারের রিফিলিং খরচ ৬৩৩ টাকা ৫০ পয়সা। অন্যদিকে, ৫ কেজির ক্ষেত্রে ৩৩০ টাকা। কোনও গ্রাহক প্রয়োজন অনুযায়ী এবং সামর্থ্য অনুযায়ী সিলিন্ডার নিতে পারেন যা  সাধারণ সিলিন্ডারের ক্ষেত্রে সম্ভবই নয়। এখন ১৪.২ কেজি গ্যাসের সিলিন্ডারই শুধু পাওয়া যায়।

ইন্ডিয়ান অয়েলের ইডেন গ্যাস যারা ব্যবহার করেন, তারা তাদের পুরনো সিলিন্ডার ফেরত দিয়ে এই নতুন সিলিন্ডার কিনতে পারেন। যারা নতুন এই গ্যাস নেবেন, ১০ কেজির জন্য তাদের দিতে হবে ৩,৩৫০ টাকা ও ৫ কেজি গ্যাসের জন্য দিতে হবে ২,১৫০ টাকা। তবে পুরনো গ্রাহক যদি নতুন এই সিলিন্ডার নেন তাহলে আগে সিকিউরিটি বাব্দ জমা রাখা ২০০০ টাকা ফেরত পাবেন।

কোন কোন এলাকায় এই সিলিন্ডার পাওয়া যাচ্ছে তা জানাও কঠিন নয়। ইন্ডেনের ওয়েবাসাইটে (https://iocl.com/composite-cylinder) গিয়ে কোনও গ্রাহক তাঁর বাড়ির পিনকোড নম্বর দিলেই দেখা যাচ্ছে কাছাকাছি কোথায় কোথায় নতুন দিনের এই সিলিন্ডার পাওয়া যাবে। তবে একটা কথা মাথায় রাখা দরকার যে, বাকি সব নিয়ম এক হলেও নতুন এই কম্পোজিট সিলিন্ডার নিলে সরকারি ভর্তুকি পাওয়া যাবে না।

RELATED Articles