করোনাকে জিতে বাড়ি ফিরল একরত্তি!

করোনার গ্রাসে বিশ্বের তাবড় সব দেশ। হাহাকার চারিদিকে। তবুও এই ক’দিনের মন খারাপের খবরের মাঝে আজ এলো এক দারুণ খবর। করোনার চোখ রাঙানিকে হারিয়ে বাড়ি ফিরল একমাসের একরত্তি। জন্মের পরই করোনায় আক্রান্ত হয়েছিল থাইল্যান্ডের একটি শিশু। তাকে বাঁচানো যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল চিকৎসকদের মধ্যেও। কিন্তু বিশ্বের সবচেয়ে কম বয়সী হিসেবে এবার করোনাকে হারিয়ে ওই এক মাসের শিশু বাড়ি ফিরেছে। শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যে শিশুরোগ বিশেষজ্ঞ ওই শিশুটির চিকিৎসা করেছেন তিনি জানিয়েছেন, করোনার হাত থেকে মুক্ত করতে শিশুটির জন্য তিনি চারটি অ্যান্টিভাইরাল ওষুধের ব্যবহার করেছিলেন। তাতেই কাজ হয়েছে।

ব্যাংককের বামরাসনারাদুরা সংক্রামক রোগ ইনস্টিটিউট ওই চিকিৎসকের নাম বিশাল মুলাসারত। তিনি বলেছেন, বাচ্চাটিকে ১০ দিন ওষুধ দেওয়া হয়েছিল। আমরা প্রতিদিন ওর স্বাস্থ্য পরীক্ষা করতাম। চার—পাঁচ দিন পর থেকে ওর মধ্যে ধীরে ধীরে সুস্থ হওয়ার লক্ষণ দেখা দিতে শুরু করে।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে এখনও পর্যন্ত দুহাজার ৮২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৪৯ জন মারা গিয়েছেন। তবে থাইল্যান্ডে প্রায় ৮৪ শতাংশ রোগী এখন সুস্থ। এর আগে ইতালিতে করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ১০৩ বছরের বৃদ্ধা। তিনিই ছিলেন করোনার বিরুদ্ধে যুদ্ধ জেতা সব থেকে বয়স্ক মানুষ। এবার সব থেকে কমবয়সী আক্রান্ত প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে বাড়ি ফিরল।

RELATED Articles

Leave a Comment