কালকের দিনটা মানুষ হয়তো রামমন্দিরের ভূমি পুজোর দিন হিসেবেই স্মরণে রাখবেন। কিন্তু কাল ছিল আরেক ঐতিহাসিক দিন। কাল থেকে ঠিক ১ বছর পূর্বে কাশ্মীরে জারি ৩৭০ ধারা বাতিল করেছিল মোদী সরকার। এ বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে কাশ্মীরকে নিরাপত্তায় মুড়ে ফেলা হল। রাস্তায় রাস্তায় বসানো ছিল ব্যারিকেড এবং নিরাপত্তারক্ষীদের কড়া নিরাপত্তা। এদিন শাসক দলকে টুইটে তোপ দেগে ওমর আবদুল্লা লেখেন, প্রশাসনের ভয়ই বুঝিয়ে দিচ্ছে কাশ্মীরের পরিস্থিতি।
গত বছর ৫ই আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে এ বছর সেইদিনেই অযোধ্যা নগরীতে অকাল দীপাবলী। দেশবাসী মেতে রইলেন রামমন্দিরের ভুমিপুজোয়। কিন্তু এই বর্ষপূর্তিতে কাশ্মীরের চেহারা ছিল সম্পূর্ণ আলাদা। এই দিনটা উপত্যকায় জারি ছিল কারফু। রাস্তায় ছিল সেনা, আধাসেনার টহলদারী ও ব্যারিকেড। এমনকী কোথাও কোথাও কাঁটাতারও।
জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, ৫ই আগস্ট “কালা দিবস” এর ডাক দিয়েছিল জম্মু-কাশ্মীরের কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন। আর সেই কারণেই কারফু জারি করা হয়। তবে অনেকের মতামত, কাশ্মীরের এই দৃশ্য নতুন আর কি ! গত বছর ৫ই আগস্টের কিছুদিন আগেও এই দৃশ্য জারি ছিল কাশ্মীরে। এমনকি পর্যটকদের উপত্যকাও ছাড়তে নির্দেশ দেওয়া হয়। এরপর ৫ ই আগস্ট সংসদে ৩৭০ ধারা প্রত্যাহারের কথা ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি গৃহবন্দী করা হয় ফারহুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ, মেহবুবা মুফতির মতো প্রাক্তন মুখ্যমন্ত্রীদের। এছাড়া তাদের সাথে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বরা দেখা করতে গেলে তাঁদেরও বিমানবন্দরেই আটকে দেওয়া হয়।
প্রায় ৬ মাস উপত্যকায় বন্ধ ছিল মোবাইল, ইন্টারনেট ও কেবিল পরিষেবা। এরপর ধীরে ধীরে সব কিছু শিথিল হতে থাকে। প্রসঙ্গত, এ বছর মার্চে ছাড়া পান ফারহুক আব্দুল্লাহ ও ওমর আব্দুল্লাহ। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক টুইট বার্তায় লেখেন, ‘এখনও আমাদের একে অপরের সাথে সাক্ষাৎ করতে দিতে কিংবা কোনো রাজনৈতিক কাজ করতে দিতে ভয় পাচ্ছে সরকার। কাশ্মীরের বাস্তব পরিস্থিতি যে কি প্রশাসনের ভয়ই তা দেখিয়ে দিচ্ছে।’ তবে এখনও ছাড়া পাননি মেহবুবা মুফতি। পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কাশ্মীরের হেভিওয়েট কংগ্রেস নেতা সইফুদ্দিন সুজ, এখনো গৃহবন্দী নাকি তাঁকে ছাড়া হয়েছে সে বিষয় ধোঁয়াশা রয়েছে। তবে একবছর পরের এই পরিস্থিতি দেখে একটা প্রশ্ন রয়েই যাচ্ছে, কাশ্মীরের এই ৩৭০ ধারা প্রত্যাহারের পর উপত্যকাবাসীদের জীবনে কতটা পরিবর্তন এলো?





