সাইবার দুনিয়ায় আপনি আদৌ সুরক্ষিত? ভারতে সাইবার হানার পরিকল্পনা করছে চীন, হুঁশিয়ারি সাইফার্মার

এতদিন সীমান্তে আগ্নেয়াস্ত্র দিয়ে চলত লড়াই। কিন্তু এখন এর থেকেও ভয়ঙ্কর হল সাইবার দুনিয়ার লড়াই। সীমান্তের পর এবার সাইবার দুনিয়ায় হামলা চালাতে পারে চীন। করোনা ভাইরাস নিয়ে সতর্ক বার্তার আড়ালে চীন সাফ করে ফেলতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা ব্যক্তিগত তথ্য!

ভারতে এবার সাইবার হানার ছক কষেছে চীনা সেনার মদতপুষ্ট দুটি হ্যাকার গোষ্ঠী। আর এর জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে ভারতকে। এমনই সতর্কবার্তা দিচ্ছে, সিঙ্গাপুরের সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা সাইফার্মা।

তবে শুধু ভারত নয় ওই দুই হ্যাকার গোষ্ঠীর তালিকায় রয়েছে মোট সাতটি দেশ। তার মধ্যে একটি হল ভারত। কোম্পানির ই-মেইল আইডি হোক কিংবা ব্যক্তিগত ই-মেইল আইডি, চীনের এই হ্যাকার গোষ্ঠী সব তথ্য চুরি করে নিতে পারে! করোনা ভাইরাস সম্বন্ধীয় কোনো সতর্ক বার্তার মাধ্যমে আপনার মেইল থেকে হয়তো কোনো একটি ওয়েবসাইটে যেতে বলবে। আর সেই প্রলোভনে পা দিলেই অনর্থ ঘটে যাবে।

সাইফার্মার চেয়ারম্যান কুমার রীতেশ জানিয়েছেন, স্টোন পান্ডা ও গথিক পান্ডা নামে দুই সাইবার গোষ্ঠী সাইবার হামলার পরিকল্পনা করেছে। তারা ‘টর’ নামে একটি ডার্ক ওয়েব ব্রাউজার ব্যবহার করছে। প্রসঙ্গত চীনের এই সাইবার হানার বিষয়ে বিবেচনা করেই কেন্দ্রীয় সরকার ৫২টি চীনা অ্যাপকে ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।

সিঙ্গাপুরের ওই সংস্থার আশঙ্কা, দেশের বড় বড় বেশ কয়েকটি মিডিয়া হাউস এবং বড় বড় টেলিকম সংস্থা গুলিকে নিশানা করতে পারে হ্যাকাররা।

RELATED Articles

Leave a Comment