লকডাউন বাড়ছে? কী হল আজ নমোর সঙ্গে রাজ্যগুলোর বৈঠকে? বিস্তারিত জানুন

আগামী ৩রা মে মেয়াদ শেষ হচ্ছে লকডাউন দ্বিতীয় পর্বের। তার আগেই সোমবার সকালে ফের একবার বিশেষ বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বৈঠকে জিজ্ঞাসা করা হয় লকডাউন ওঠানোর পক্ষে কোন কোন রাজ্যের কি মত রয়েছে।

এইদিন ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এদিন নিজেদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। মেঘালয়, মিজোরাম, পদুচেরি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ওডিশা, বিহার, গুজরাট এবং হরিয়ানা ছাড়া বাকি সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে তাঁদের মতামত লিখিত ভাবে জানাতে। যেসকল রাজ্যের মতামত জানতে চাওয়া হয়েছে তাঁরা কী জানিয়েছে?

মেঘালয়ার মুখ্যমন্ত্রী কনরাড সাংমা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ৩রা মে-র পরেও তাঁর রাজ্যে লকডাউন জারি থাকবে। আন্তঃরাজ্য এবং আন্তঃজেলা চলাফেরার উপরও থাকবে নিষেধাজ্ঞা। তবে এর থেকে বাদ রাখা হবে গুরুত্বপূর্ণ পরিষেবা এবং মেডিকাল ইমার্জেন্সির কারণে সফর। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংগা জানান, কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেওয়া হবে।উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, ব্যবসা বাণিজ্য ধাপে ধাপে চালু করা উচিত সব দিক বিচার করে। মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক করার দিকেই পদক্ষেপ করা উচিত বলে তিনি জানান।

পদুচেরির মুখ্যমন্ত্রী অবশ্য ইচ্ছা প্রকাশ করেছেন ৩ মে-র পর থেকে রাজ্যে শিল্প ও কারখানা চালু করার। একই সঙ্গে কেন্দ্রের কাছ থেকে আর্থিক সাহায্যের পাশাপাশি পিপিই সরবরাহের অনুরোধও করেছেন।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, যদিও রাজ্য সরকার অর্থনৈতিক কাজকর্ম শুরু করার অবস্থায় রয়েছে, তবুও লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা উচিত। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অবশ্য জানিয়েছেন ৩রা মে পর্যন্ত রাজ্য জারি থাকবে লকডাউন। একই সঙ্গে বলেন, রাজ্যে শুরু হয়ে গিয়েছে ডোর টু ডোর স্ক্রিনিং। এখনও পর্যন্ত ৪ কোটি মানুষের স্ক্রিনিং টেস্ট হয়েছে।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার পক্ষেই বলেছেন। কিন্তু একই সঙ্গে অর্থনীতির গতি বাড়ানোর দিকেও কেন্দ্রকে নজর দিতে অনুরোধ করেন তিনি।

অন্যদিকে, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন জানান, দেশে ৩০০টি জেলা এই মুহূর্তে করোনামুক্ত এবং আরও ২৯৭টি জেলায় কোনও হটস্পট নেই। দেশের মাত্র ১২৭টি জেলায় কোভিড রেড জোন রয়েছে।

RELATED Articles

Leave a Comment