আপনারা আছেন তাই দেশে উৎসব আছে, সেনাকে দিওয়ালির বার্তা প্রধানমন্ত্রীর

সত্যিই তাঁরা সীমান্তে আছেন বলেই আমরা দেশের ভিতর নিশ্চিন্তে আছি। শত্রু বেষ্টিত ভারতের থেকে বেশি কঠিন সীমান্ত বোধহয় আর কোন‌ও দেশের‌ই নেই। আর তা বিলক্ষণ জানেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর তাই তো উৎসবের মুহুর্তে সেনাকে উজ্জীবিত করতে প্রত্যেক বছরই দীপাবলিতে (Diwali) সেনা জওয়ানদের কাছে পৌঁছে যান তিনি। সঙ্গে উদযাপন করেন নরেন্দ্র মোদী।

কখনও উত্তরাখণ্ডের উত্তরকাশী, কখন হিমাচল প্রদেশের ডোকরা, আবার কখনও সিয়াচেনে জওয়ানদের (Indian army) সঙ্গে আলোর উৎসব পালন করেছেন প্রধানমন্ত্রী।

গত বছর যেমন আলোর উৎসবের সময় তিনি কাটান জম্মু-কাশ্মীরের রাজৌরিতে। সেখানে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর জওয়ানদের মিষ্টি খাইয়ে দীপাবলি পালন করেন তিনি। এবারও সেই পরম্পরায় তিনি পৌঁছেছিলেন রাজস্থানের জয়সলমীরে। সেখান থেকেই প্রধানমন্ত্রী শনিবার সকালে জওয়ানদের সঙ্গে দীপাবলি উৎসবে মাতলেন।

তাঁর সঙ্গে এদিন ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে (Manoj Mukund Naravane) ও বিএসএফের ডিজি রাকেশ আস্থানা (Rakesh Asthana)। উৎসবের দিনে জওয়ানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নিজের ভাষণে বলেন, ”আপনারা আছেন তাই দেশ আছে। দেশের উৎসব আছে। পৃথিবীর কোনও শক্তি আমাদের সেনা জওয়ানদের সীমান্ত রক্ষায় বাধা দিতে পারবে না। পাহাড়ের চূড়ায় হোক, মরুভূমির প্রান্তরে অথবা ঘন জঙ্গলে, আপনাদের কর্তব্য, নিষ্ঠা, দায়িত্ব শৌর্য দেখে দেশবাসী অনুপ্রাণিত হয়। প্রতিবার দীপাবলীর উৎসবে আপনাদের মাঝে আসি। আপনাদের মুখে হাসি দেখে আমারও উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। প্রতিবারের মতো এবারও আমি প্রতিটি দেশবাসীর শুভকামনা আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রতিটি দেশবাসীর ভালবাসা ও আশীর্বাদ নিজের সঙ্গে নিয়ে এসেছি। আজ আমি সেই সব মা ও বোনেদেরও শুভকামনা জানাচ্ছি যাদের প্রিয়জন উৎসবের সময়ও দেশের সুরক্ষায় সীমান্তে কর্তব্যরত। আপনাদের এই আত্মত্যাগ বিফলে যাবে না।”

আরও অন্যান্য খবর