নারী দিবসে উপহার মোদীর! এক ধাক্কায় অনেকটা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম, খুশির হাওয়া মধ্যবিত্তদের মধ্যে

নারী দিবসের সকালেই বড় চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিলেন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। নারী দিবসে দেশের মা-বোনদের জন্য বড় উপহার প্রধানমন্ত্রীর। লোকসভা ভোটের আগে মোদীর এই সিদ্ধান্ত যে বড় মাস্টারস্ট্রোক হতে পারে, তা বলাই বাহুল্য।

কত টাকা দাম কমল রান্নার গ্যাসের?

এবার এক ধাক্কায় ১০০ টাকা দাম কমানো হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের। যার ফলে হাসি ফুটেছে মধ্যবিত্তদের মুখে। এই মূল্যবৃদ্ধির বাজারে গ্যাসের দাম নিয়ে চিন্তিত থাকেন সকলেই। ফলে গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমে যাওয়ার ফল স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তিতে আমজনতা। এই দাম কমার ফলে বর্তমানে কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ৮২৯ টাকা।  

টুইটে কী জানালেন মোদী?

নারী দিবসের সকালেই একটি টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঘোষণা করেন, “আন্তর্জাতিক নারী দিবসে আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা লাঘব হবে। বিশেষভাবে উপকৃত হবে দেশের নারী শক্তি”।

প্রধানমন্ত্রীর কথায়, “রান্নার গ্যাসকে আরও সস্তা করে আমাদের সরকার দেশের সব পরিবারের স্বচ্ছ্বলতা এবং সুস্থ পরিবেশ রক্ষার কাজেও সাহায্য করার চেষ্টা করছে। এটা আমাদের নারীদের ক্ষমতায়ন এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষে আরও একটা প্রচেষ্টা”।

 

প্রসঙ্গত, গত ছ’মাসে এই নিয়ে দ্বিতীয়বার কমল গ্যাস সিলিন্ডারের দাম। এর আগে আগস্ট মাসে এক ধাক্কায় ২০০ টাকা কমানো হয়েছিল গ্যাসের দাম। সেই সময় আবার উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের আরও ২০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিল কেন্দ্র সরকার। এবার আজ, শুক্রবার আরও ১০০ টাকা কমে গেল গ্যাস সিলিন্ডারের দাম। এর ফলে গত আগস্ট মাসের আগে যে দামে গ্যাস কিনতেন গ্রাহকরা, এখন তার থেকে ৩০০ টাকা কম দামে কিনবেন গ্যাস। আর উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকরা এবার থেকে ভর্তুকির জন্য পাবেন মোট ৫০০ টাকা।

RELATED Articles