কারা পেতে পারেন ‘পদ্ম’ সম্মান? দেশবাসীকেই প্রার্থী বেছে নেওয়ার দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

কারা পেতে পারেন এবারের ‘পদ্ম’ সম্মান? সমস্ত দেশবাসীকেই পদ্ম সম্মানের জন প্রার্থী মনোনয়নের আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিগত ৬৭ বছর ধরে দেশে পদ্ম সম্মানে ভূষিত করা হয় নানান মানুষকে। এবার এই প্রথম মনোনয়নের ভার তুলে দেওয়া হল আপামর দেশবাসীর উপরেই। আজ, রবিবার সকালেই একটি টুইট করে একথা জানালেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- সরকারি জমি জোর করে বাজেয়াপ্ত করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, অভিযোগ আনল দলেরই নেতারা

টুইটে মোদী লেখেন, “ভারতে এমন বহু প্রতিভাবান মানুষ রয়েছেন যাঁরা তৃণমূল স্তর থেকে অসাধারণ কাজ করে চলেছেন। প্রায়শই আমরা তাঁদের অনেককেই দেখতে বা তাঁদের কথা শুনতে পাই না। আপনি কি এমন কাউকে চেনেন? তাহলে আপনি তাঁকে পদ্ম সম্মানের জন্য মনোনীত করতে পারেন। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে”।

এর জন্য কেন্দ্রের তরফে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে। ওয়েবসাইটের নাম padmaawards.gov.in। এই ওয়েবসাইটে গিয়েই দেশের জনগণ তাদের পছন্দের ‘পিপলস পদ্ম’কে বেছে নিতে পারবেন বলে জানা গিয়েছে। এত বছর ধরে এই সম্মান দেওয়া হলেও, এই প্রথম এই পুরস্কারকে এক অন্য মাত্রা দিলেন মোদী।

https://twitter.com/narendramodi/status/1414085499971465216

উল্লেখ্য, ১৯৫৪ সালে ভারতে সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’র পাশাপাশি চালু করা হয় ‘পদ্ম’ সম্মানও। পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও পদ্মশ্রী, এই তিন ভাগে বিভক্ত ‘পদ্ম’ সম্মান। প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবসের দিন রাষ্ট্রপতি এই সম্মানপ্রাপকদের হাতে পদক ও মানপত্র তুলে দেন।

আরও পড়ুন- বড় সাফল্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের, গভীর রাতে অভিযান চালিয়ে ধৃত ৩ বাংলাদেশী জঙ্গি

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে মোদী সরকার এই পদ্ম সম্মান দেওয়ার ক্ষেত্রে নানান অজানা নায়কদের কথা ভাবা শুরু করে। স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে নানান কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন, দফতর, ভারতরত্ন ও পদ্ম বিভূষণজয়ীদের কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে এমন ধরণের মানুষকে আরও বেশি করে চিহ্নিত করা হয়। এরই সঙ্গে এবার প্রধানমন্ত্রী নতুন সংযোজন আনলেন, দেশবাসীর উপরেই তুলে দিলেন প্রার্থী মনোনীত করার ভার।

RELATED Articles