জুন মাসের প্রথমদিনই হাসি মধ্যবিত্তদের মুখে, এক ধাক্কায় ১৩২ টাকা কমে গেল রান্নার গ্যাসের দাম

একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে। শাকসবজি থেকে শুরু করে চাল, ডাল, মাংস, ওষুধপত্র সবকিছুই যেন অগ্নিমূল্য। আর এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রান্নার গ্যাসের দামও। মধ্যবিত্তের হেঁশেল যেন এখন আগুন। তবে এসবের মধ্যেই এল একটু স্বস্তির খবর।

ওয়েল মার্কেটিং সংস্থার তরফে জানানো হয়েছে যে এবার রান্নার গ্যাসের দাম কমতে চলেছে ১৩২ টাকা। প্রত্যেক মাসের পয়লা তারিখেই এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, এই মাসের প্রথমেই কমল গ্যাসের দাম তাও আবার ১৩২ টাকা। আজ, বুধবার থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানা গিয়েছে।

গত মাসেই ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৫০ টাকা। এর জেরে কলকাতায় ১৪ কেজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়ায় ১,০২৬ টাকা। তবে এই যে ১৩২ টাকা দাম কমল, তা ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের জন্য নয়। বাণিজ্যিক গ্যাস অর্থাৎ ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৩২ টাকা। আর এর ফলে কলকাতায় ১৯ কেজি গ্যাসের দাম কমে হল ২,৩২২ টাকা।

 অন্যান্য মেট্রোপলিটন শহরে অর্থাৎ মুম্বইয়ে এই ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমে হল ২,৩০৬ টাকা, দিল্লিতে এই গ্যাসের দাম ২,২১৯ টাকা আর চেন্নাইতে এই ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম হল ২,৩৭৩ টাকা।

গত ১৯শে মে বাণিজ্যিক সিলিন্ডারে দাম বাড়ানো হয় ৩.৫০ টাকা। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে বিশ্ব বাজারে ক্রমেই বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এর জেরে দাম বাড়ে পেট্রোল-ডিজেলেরও। তবে কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের উপর শুল্ক কমানোর ফলে কিছুটা দাম হ্রাস পায় পেট্রো পণ্যের।

RELATED Articles

Leave a Comment