সুখবর! পেট্রোল-ডিজেলের দাম কমার পর এবার অনেকটা সস্তা হল সরষের তেল, কাচ্চি ঘানি সরষের তেলের দাম কমল ৪০ টাকা

গত সপ্তাহেই কেন্দ্র সরকারের তরফে ঘোষণা করা হয় যে পেট্রোল-ডিজেলের উপর থেকে শুল্ক কমাচ্ছে মোদী সরকার। এর ফলে এক ধাক্কায় অনেকটা কমে যায় জ্বালানির দাম। প্রতি লিটার পেট্রোলের দাম কমেছে সাড়ে ৯ টাকা।

আর এবার এল আরও এক সুখবর। এবার দাম কমল সরষের তেলের। এর ফলে মধ্যবিত্তদের মুখে খানিকটা হাসি ফুটবে বলেই মনে করা হচ্ছে। ইন্দোনেশিয়ার তরফে ভোজ্য তেলের রফতানি ফের শুরু করার ফলেই দাম কমল সরষের তেলের।

ইন্দোনেশিয়া ভোজ্য তেলের রফতানি বন্ধ করে দেওয়ায় গোটা বিশ্বে এক লাফে ভোজ্য তেলের দাম অনেকটা বেড়ে গিয়েছিল। তবে সূত্রের খবর, এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইন্দোনেশিয়া। আর এর ফলে ভারতেও অধিকাংশ তৈল বীজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহেই সরষের দাম প্রতি কুইন্টালে অন্ততপক্ষে ১০০ টাকা কম হয়েছে।

তৈলবীজের দাম কমে যাওয়ায় কুইন্টাল প্রতি দাদরি সরষের তেলের দাম কমেছে ২৫০ টাকা। এর ফলে এর দাম দাঁড়িয়েছে ১৫,০৫০ টাকায়। অন্যদিকে, কাচ্চি ঘানি ও পাক্কি ঘানি সরষের তেলের দাম কমেছে প্রতি ১৫ কেজিতে ৪০ টাকা করে।

প্রসঙ্গত, বিশ্ব বাজারে ভোজ্য তেলের দাম বাড়ার পর সয়াবিন তেলেরও দাম বেড়েছিল। তবে এবার সয়াবিন তেলেরও দাম কমেছে কুইন্টাল প্রতি প্রায় ১০০ টাকা। এর পাশাপাশি বাদাম তেলের দামও কমেছে। বাদাম তেলের ১৫ কেজির টিনে দাম কমেছে ২৫ টাকা। আর এদিকে আবার পামোলিন তেলের দাম কমেছে ৫২০-৬০০ টাকা।

RELATED Articles