দলের সভাপতি নির্বাচন করা হোক গান্ধী পরিবারের বাইরে থেকে, প্রিয়াঙ্কার গলাতেও রাহুলেরই সুর

শক্ত হাত বহুদিন আগেই মাথার উপর থেকে চলে গিয়েছে। দলের প্রতীক চিহ্ন রূপে হাত থাকলেও ইতিমধ্যেই গোটা ভারত বেহাত হতে শুরু করেছে কংগ্রেসের। দীর্ঘদিন ধরে একটা বদনাম এই দলের সঙ্গে জুড়ে রয়েছে যে, গান্ধী পরিবারের বাইরে কিছুতে বেরোতে পারে না এখন ভারতের অন্যতম শক্তিশালী এই রাজনৈতিক দল। এই বিতর্ক থেকে মুক্তি পেতে এবার মুখ খুলেছেন গান্ধী পরিবারের সদস্যরাই।

কিছুদিন আগেই যেমন রাহুল গান্ধী বলেছিলেন যে, কংগ্রেসের পরবর্তী সভাপতি হোক গান্ধী পরিবারের বাইরে থেকে। এবার তার বোন উত্তরপ্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক প্রিয়াঙ্কা গান্ধী বললেন যে, দলের উচিত আলাদা রাস্তা দেখা। গান্ধী পরিবারের বাইরে কেউ সভাপতি হলে খুশি মনেই তিনি সেটা মেনে নেবেন।

গতবছর লোকসভা নির্বাচনে রীতিমতো ভরাডুবি হয়েছিল কংগ্রেসের। গোটা দেশে মাত্র ৫২ টি আসনে জিতেছিল এই দল। এই ভরাডুবির দায় নিয়ে সেই সময় তৎকালীন সভাপতি রাহুল গান্ধী পদত্যাগ করেছিলেন। তারপর থেকে দলে এখনো কোনো স্থায়ী সভাপতি নির্বাচিত করা হয়নি। সোনিয়া গান্ধীকে অস্থায়ী কার্যকরী সভাপতি হিসেবে কাজ চালাতে হচ্ছে।

কিন্তু এভাবে আর কতদিন চলবে ? প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে। কিন্তু প্রশ্ন হল এভাবে আর কতদিন?

রাহুলের পদত্যাগের পর গোটা দল দিশেহারা হয়ে গিয়েছে। একের পর এক রাজ্যে রীতিমত বিদ্রোহ শুরু হয়েছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইতিমধ্যেই কংগ্রেস ছেড়ে চলে গিয়েছেন। শচীন পাইলটও যাব যাব করছিলেন। গান্ধী পরিবারের প্রতি আগে যেরকম দলের সদস্যদের আনুগত্য ছিল এখন তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না।‌ শশী থারুরের মত কংগ্রেসের শীর্ষ নেতারা প্রকাশ্যে বলছেন যে সভাপতি পদের জন্য নির্বাচন করা উচিত। কারণ তারা বুঝতে পারছেন যে বিজেপি’র সঙ্গে লড়াই করতে গেলে শক্তিশালী নেতৃত্বের দরকার।

কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্থায়ী সভাপতি নির্বাচিত করতে গেলে এখন এই মুহূর্তে কাকে বাছা হবে?

রাহুল গান্ধী যেমন পদত্যাগের সময় বলেই দিয়েছিলেন এবার যেন গান্ধী পরিবারের বাইরের কাউকে সভাপতি নির্বাচিত করা হয়। তবুও অন্যান্য কংগ্রেস নেতারা রাহুলকে দায়িত্ব নিতে অনুরোধ করলেও তিনি তা রাখেননি। রাহুলের সেই সুরে এবার সুর মেলালেন প্রিয়াঙ্কাও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, রাহুল এর মতে আমাদের কারোর সভাপতি হওয়া উচিত নয়। আমি ওর বক্তব্যকে সমর্থন করি। দলকে এবার অন্য কাউকে বেছে নিতেই হবে। দল যাকে নেতা হিসেবে বাছবে আমি তার আদেশ শিরোধার্য মনে করব। তিনি আমাকে যেখানে গিয়ে কাজ করতে বলবেন আমি সেখানেই যাব।

যদিও গান্ধী পরিবারের সদস্যরা মুখে যতই বলুন না কেন বাইরের কাউকে সভাপতি নির্বাচিত করার জন্য, দলের বাকি নেতারা এখনও গান্ধী পরিবার ছাড়া কাউকেই এই পদে ভাবতে পারছে না।

সেই জন্যই রাহুলের কাছে বারংবার প্রস্তাব যাচ্ছে পুনরায় দায়িত্ব গ্রহণ করতে। রাহুল যদি রাজি না হন তখন প্রিয়াঙ্কার কাছে প্রস্তাব যেতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও প্রিয়াঙ্কার সাম্প্রতিক বক্তব্যে এক প্রকার স্পষ্ট হয়ে গেল যে তিনিও তাঁর দাদার পথেই হাঁটছেন।

RELATED Articles

Leave a Comment