পঞ্জাবে আম আদমি পার্টি (Aam Aadmi Partu) নতুন সরকার গড়েছে মাত্র ১০ সপ্তাহ হল। সরকার গঠনের পর থেকেই নানান দুর্নীতির (corruption) বিরুদ্ধে সরব হয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের (Bhagwant Mann) সরকার। এবার দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নির্দেশেই গ্রেফতার করা হলে সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলাকে (Vijay Singla)।
জানা যাচ্ছে, বিজয় সিংলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এই কারণেই তাঁকে আগেই বরখাস্ত করেছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আর এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতারও হলেন তিনি।
আম আদমি পার্টির দাবী, ভারতের রাজনীতির ইতিহাসে এই প্রথমবার নিজের মন্ত্রিসভার কোনও সদস্যের বিরুদ্ধে এমন সরাসরি পদক্ষেপ নিয়ে গ্রেফতারির নির্দেশ দিলেন কোনও মুখ্যমন্ত্রী। আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এর আগে একবার এমনই কাজ করেছিলেন।
আজ, মঙ্গলবার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়, বিজয় সিংলার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে কাজের বরাতের জন্য আধিকারিকদের এক শতাংশ কমিশন চেয়েছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই পঞ্জাব সরকারের হাতে নানান প্রমাণও এসেছে।
এর পাশাপাশি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে এও জানানো হয়েছে যে ভারতের ইতিহাসে দ্বিতীয়বার কোনও মন্ত্রীকে বরখাস্ত করে দিলেন মুখ্যমন্ত্রী। এর আগে ২০১৫ সালে অরবিন্দ কেজরিওয়াল এক মন্ত্রীকে বরখাস্ত করে দিয়েছিলেন।
এই ঘটনা প্রসঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, “প্রচুর প্রত্যাশা এবং নিয়ে মানুষ আম আদমি সরকার গঠন করেছেন। সেই প্রত্যাশা পূরণ করা আমাদের কর্তব্য। যতদিন ভারতমাতার অরবিন্দ কেজরিওয়ালের মতো ছেলে এবং ভগবন্ত মানের মতো ফৌজি আছে, ততদিন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলবে”।
তিনি আরও বলেন, “অরবিন্দ কেজরিওয়ার প্রতিজ্ঞা করেছেন যে দুর্নীতি উপড়ে ফেলবেন। এক শতাংশ দুর্নীতিরও জায়গা নেই”। এরপরই বিজয় সিংলাকে গ্রেফতার করার নির্দেশ দেন তিনি। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতারও করেছে পঞ্জাব পুলিশ।





