পুলিশ এতটা নির্মম হতে পারে! জেলের আসামিকে গরম রডের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠলো পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে। বিচারকের কাছে চোখের জল ফেলে আসামি জানালেন নিজের খুন হওয়ার কথা।
ডাকাতি-সহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০১৭ সাল থেকে জেলে বন্দি পঞ্জাবের ধিলওয়াঁর ত্রাস নরসেম। দীর্ঘ পাঁচ বছর ধরে পঞ্জাবের ফিরোজপুর জেলে বন্দি গ্যাংস্টার নরসেম। গত বুধবার তাঁকে জেলার অতিরিক্ত ও দায়রা আদালতে হাজির করানো হয়েছিল। সেখানে বিচারক রাকেশ কুমারকে নিজের পিঠ দেখিয়ে জেলে অত্যাচারের অভিযোগ তোলেন নরসেম।
বিচারকের সামনে নরসিম পিঠ ফিরে দেখালেন পিঠের পোড়া দাগ। এবং উপরের অংশ জুড়ে বড় বড় হরফে লেখা ‘গ্যাংস্টার’। চোখের জল ফেলতে ফেলতে নরসেম বলেন, ‘হুজুর দেখুন, কী ভাবে লোহা গরম করে আমার পিঠে লিখে দিয়েছে পুলিশ। এ ভাবেই জেলের ভিতরে নির্মম অত্যাচার করা হয়।’
এই ঘটনার পরই বিচারক নরসেমকে শারীরিক পরীক্ষার নির্দেশ দেন। ওই এজলাসে থাকা সকলে পুলিশের অত্যাচার দেখে স্তম্ভিত। আসামির সঙ্গে অমানবিক নির্যাতনের অভিযোগ পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে।





