করোনার মারণ থাবায় দেশের হাল বিধ্বস্ত। তাই দেশব্যাপী এখন চলছে এই ভাইরাস দমনের লড়াই। সারা দেশ এখন লকডাউনের সাথে পরিচিত হয়ে গেছে। কেন্দ্রের এই লকডাউনকে সমর্থন জানিয়েছে প্রায় সব রাজ্য। কেন্দ্রের নিয়ম অনুযায়ী রাজ্যে রাজ্যে চলছে কড়া নজরদারি, স্পর্শকাতর এলাকাকে সিল করার কাজ। কিন্তু এই দুর্যোগের মুহূর্তে জরুরি জিনিসের ওপর কেন এখনো জিএসটি লাগু আছে সেই নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী।
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর লড়াইয়ে যেসব উপকরণ জরুরি যেমন স্যানিটাইজার, সাবান, মাস্ক, দস্তানা ইত্যাদি সামগ্রী, এছাড়া ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের কাছে অতি প্রয়োজনীয় সামগ্রীগুলির ওপর চড়া হারে এখনো জিএসটি চালু রয়েছে। বিষয়টির দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে কংগ্রেস সাংসদের দাবি, ‘এই সঙ্কটের সময় আমরা বারবার বলছি, এই অতিমারীর সঙ্গে লড়াইয়ে ছোট-বড় জরুরি সামগ্রীগুলির ওপর থেকে জিএসটি তুলে নেওয়া হোক।’ একদিকে রোগের প্রাদুর্ভাব, অন্যদিকে অৰ্থাভাবে সঙ্গে যুঝতে থাকা মানুষের কথা ভেবে স্যানিটাইজার, সাবান, মাস্ক, দস্তানার ওপর ধার্য্য জিএসটি বাতিল করে দেওয়া উচিত সরকারের। তার মতে এই মুহূর্তে এগুলির ওপর জিএসটি চাপানো অন্যায়। #GSTFreeCorona হ্যাশট্যাগ ব্যবহার করে এই দাবিতে অনড় থাকবেন বলে জানান রাহুল।
তিনি ট্যুইট করেন, বর্তমান বাজারে স্যানিটাইজারে ১৮ শতাংশ, মাস্কে ৫ শতাংশ, লিকুইড হ্যান্ড ওয়াশে ১৮ শতাংশ, ডায়াগনস্টিক কিটে ৫ শতাংশ, ব্লাড টেস্ট স্ট্রিপসে ১২ শতাংশ জিএসটি নিচ্ছে সরকার। এই জিএসটি শুল্ক অবিলম্বে মুকুব করে দেওয়া হোক, দাবি কংগ্রেস-এর সাংসদের। যাতে সাধারণ মানুষ সবাই এই জরুরি সামগ্রীগুলি কিনতে সক্ষম হন।
https://twitter.com/RahulGandhi/status/1252187893256187905?s=20






