রাজনৈতিক মিছিলে নেতাকে ঘিরে জনতার উচ্ছ্বাস নতুন কিছু নয়। বিশেষত যাঁরা জনমানসে জনপ্রিয়, তাঁদের প্রতি ভালোবাসা দেখাতে মানুষ প্রায়শই বাড়াবাড়ি করে বসেন। কিন্তু সেই উচ্ছ্বাস যদি নেতার নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলে, তবে তা হয়ে ওঠে আলোচনার বিষয়। রবিবার বিহারের পূর্ণিয়ায় এমনই এক ঘটনার সাক্ষী থাকল দেশ, যখন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাইক মিছিল হঠাৎ অস্বস্তির জন্ম দিল।/
‘মহব্বতের দোকান’ খোলার ডাক দিয়ে একসময় দেশজুড়ে পদযাত্রা করেছিলেন রাহুল গান্ধী। এবার তিনি নেমেছেন ভোটারদের অধিকার রক্ষার বার্তা নিয়ে। রবিবার সকালে পূর্ণিয়ার রাস্তায় কংগ্রেস কর্মীদের সঙ্গে বাইক মিছিলে সামিল হন তিনি। নিজেই বাইক চালাচ্ছিলেন রাহুল, পিছনে বসেছিলেন বিহার কংগ্রেস সভাপতি রাজেশ কুমার। চারপাশে তখন হাজারো কর্মী-সমর্থকের ভিড়, যাঁদের মধ্যে অনেকেই উচ্ছ্বাসে নেতা কাছে যাওয়ার চেষ্টা করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলের শুরু থেকেই রাহুলের খুব কাছাকাছি চলে যাচ্ছিলেন সাধারণ মানুষ। কেউ তাঁর হাত ধরছেন, কেউবা বাইকের কাছে এসে ছবি তুলছেন। এই অবস্থায় নিরাপত্তারক্ষীদের জন্য তাল মেলানো কার্যত অসম্ভব হয়ে উঠেছিল। কারণ বাইক মিছিলের গতি এবং চারপাশের ভিড়, দু’টোর সঙ্গে সামঞ্জস্য রাখা দুষ্কর। ঠিক এই ফাঁকেই ঘটে যায় এমন একটি ঘটনা, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের মাঝ থেকে এক যুবক আচমকা নিরাপত্তার ফাঁক গলে রাহুল গান্ধীর বাইকের দিকে ছুটে আসেন। বাইক চালাতে থাকা রাহুলকে তিনি জাপটে ধরে বাঁ গালে চুম্বন করে বসেন। মুহূর্তের মধ্যেই তিনি ঘটনাস্থল থেকে পালাতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাঁকে পাকড়াও করে। এখানেই শেষ নয়, ভিডিওতে স্পষ্ট ধরা পড়েছে—এক নিরাপত্তারক্ষী ক্ষুব্ধ হয়ে ওই যুবককে সপাটে চড় কষাচ্ছেন।
আরও পড়ুনঃ BJP Leader Murder: বিজেপির বুথ সভাপতিকে লাঠি-বাঁশ দিয়ে পিটিয়ে হ*ত্যা, রাজনৈতিক ও পারিবারিক বিবাদ ঘিরে তীব্র বিতর্ক রাজনৈতিক মহলে!
এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে, এমন উচ্চপ্রোফাইল নেতার জন্য বাইক মিছিল কতটা নিরাপদ? রাজনৈতিক মহলের একাংশের মতে, মিছিলের উচ্ছ্বাস বুঝলেও নিরাপত্তার নিয়ম ভাঙা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ এ ধরনের ঘটনা নেতার শারীরিক সুরক্ষা ছাড়াও রাজনৈতিক বার্তাকেও বিপাকে ফেলতে পারে। তবে এর আগেও প্রকাশ্য সভায় রাহুলকে সমর্থকরা চুম্বন করে ভালোবাসা জানিয়েছিলেন। কিন্তু চলন্ত বাইকে এমন কাণ্ড নিঃসন্দেহে একেবারেই নজিরবিহীন।





