বারুইপুরের এক শান্তশিষ্ট এলাকায় হঠাৎই ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের দাবি, কয়েকদিন আগে গভীর রাতে একটি অস্বাভাবিক গোলমালের শব্দ শুনতে পান তাঁরা। কারও চিৎকার, আবার কারও করুণ আর্তনাদ— সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু কী হয়েছিল সেদিন রাতে? একজনের হাতে ধরা পড়ল একটি মোবাইলের ভিডিয়ো, আর তাতেই যেন উন্মোচিত হল অন্য তথ্য।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাটিতে লুটিয়ে পড়ে এক যুবক প্রাণভিক্ষা চাইছেন। অথচ কয়েকজন মানুষ নির্মমভাবে বাঁশ ও লাঠি দিয়ে তাঁকে পেটাচ্ছেন। ভিডিওটি সামনে আসতেই উত্তেজনা চরমে ওঠে। সম্প্রতি বিজেপির পক্ষ থেকে এই ফুটেজ থানায় প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা এখনও নির্দিষ্টভাবে যাচাই হয়নি, তবে রাজনৈতিক মহল জুড়ে শুরু হয়েছে তুমুল তরজা।
স্থানীয় সূত্রে খবর, নিহত যুবক রাজীব বিশ্বাস (২২)। তিনি বারুইপুর পশ্চিমের ১২৯ নম্বর বুথের বিজেপি সভাপতি ছিলেন। অভিযোগ, গত ৮ আগস্ট রাতে তাঁকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় বাড়িতেই ফেলে রাখা হয়। পরদিন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যেই রাজীবের বাবা এবং ভাইকে গ্রেফতার করেছে, যদিও তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।
বিজেপির দাবি, এটি নিছক পারিবারিক দ্বন্দ্ব নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাঁদের তরুণ নেতা। তাঁদের অভিযোগ, রাজীব বিজেপি করায় তাঁর তৃণমূলপন্থী বাবা এবং ভাই স্থানীয় দুই সক্রিয় কর্মীর সঙ্গে হাত মিলিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। তবে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বারুইপুর পুরসভার কাউন্সিলর অর্চনা মল্লিক জানিয়েছেন, “ঘটনায় আমাদের দলের কোনও যোগ নেই। এটি নিছক পারিবারিক বিবাদ। বিজেপি বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে।”
আরও পড়ুনঃ মহারাজের মুকুটে নতুন পালক! এশিয়া কাপের আগে হেড কোচের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়!
অন্যদিকে পুলিশ জানিয়েছে, মৃতের বাবা ও ভাইকে গ্রেফতার করা হয়েছে এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ চলছে ধৃতদের, পাশাপাশি ভিডিওতে থাকা আরও দু’জন অভিযুক্তকে খোঁজা হচ্ছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার রূপান্তর সেনগুপ্ত বলেন, “তদন্ত এগোচ্ছে ধাপে ধাপে। প্রমাণের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। বিজেপি অবশ্য দাবি করছে, আদালতে ভিডিও জমা দেওয়ার পরই পুরো বিষয়টি ভিন্ন মোড় নিয়েছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!