করোনা ভাইরাস নিয়ে ত্রস্ত গোটা বিশ্ব। ভারতে বর্তমানে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০ ছুঁয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কা কমাতে এবার বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। রেল থেকে জানানো হয়েছে, প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে যাঁরা টিকিট কেটেছেন তাদের জন্য রিফান্ড নিয়মে কিছুটা ছাড় দেওয়া হবে। সেই ছাড় তারা অনলাইনে গ্রহণ করতে পারবেন, এর জন্য তাদের স্টেশনে আসতে হবে না। ২১শে মার্চ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত এই ছাড় পাওয়া যাবে।
এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ই-টিকিট প্যাসেঞ্জারদের জন্য নিয়ম একই থাকবে। তাদেরকে স্টেশনে আসতে হবে না। যদি ট্রেন বাতিল নাও হয়, কিন্তু যাত্রী যেতে না চাইলে যাত্রা শুরুর তারিখ থেকে ৩০ দিনের মধ্যে টিকিট ডিপোজিট রিসিপ্ট ভর্তি করা যাবে। টিকিট ডিপোজিট রিসিপ্ট চিফ কমার্শিয়াল অফিসারের ্য কাছেও জমা করা যাবে। এক্ষেত্রে যাত্রার ৬০ দিনের মাথায় টাকা ফেরত যাবে।
রেলওয়ে থেকে ‘সোশ্যাল ডিসটেন্সিং’ এর জন্যও বারবার বরা হয়েছে। বুধবার রেলের তরফ থেকে ১০০ র বেশি ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর রেলওয়ে ও মধ্য পশ্চিম রেলওয়ের ১১টি ট্রেন, মধ্য দক্ষিণ রেলওয়ের ২০ টি ট্রেন ও দক্ষিণ রেলওয়ের ৩২ টি ট্রেন বাতিল করা হয়েছে। রেলওয়ে থেকে আইআরসিটিসির সমস্ত রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের কোনো কর্মীর শারীরিক অবস্থা খারাপ হলেও আসতে বারণ করা হয়েছে।
২১শে মার্চ শনিবার দেশে আক্রান্তের সংখ্যা ৩১২ ছুঁয়েছে। মহারাষ্ট্রে ও কেরালাতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে চারজনের। কেন্দ্রীয় সরকার ভারতীয়দের কড়া নির্দেশ দিয়েছেন যাতে বিদেশে অনাবশ্যক ভ্রমণ না করে। যাঁরা বিদেশ থেকে ফিরেছেন তাদের কড়া নজরে রাখা হয়েছে।






