রাম মন্দিরের ভূমি-পুজো করা প্রধান পুরোহিত দক্ষিণা চাইলেন প্রধানমন্ত্রীর কাছে! মোদী কি আদৌ দিলেন?

রাম মন্দিরের ভূমি পুজোর প্রধান পুরোহিত ছিলেন তিনি। বিশাল দায়িত্বের কাজ সামলেছেন। দক্ষিণা তো তাঁর প্রাপ্য। আর তা চাইলেন‌ও তিনি। তবে যোগীর কাছে নয়। মোদীর কাছে। না ধন-দৌলত নয়। টাকা-পয়সা তাঁর মোহ নেই।

তা হলে কী চাইলেন দক্ষিণা হিসাবে?

পণ্ডিত গঙ্গাধর পাঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দক্ষিণা স্বরূপ গোটা দেশে গো-হত্যা নিষিদ্ধ করার আর্জি জানালেন। তিনি জানান প্রধানমন্ত্রীর এমন আইন প্রনয়ণই হবে তাঁর কাছে দক্ষিণার সমান। পণ্ডিত গঙ্গাধর পাঠক আবার এটাও বলেছেন, তিনি গোটা দেশের নাগরিকদের মুখপাত্র হয়ে এমন দাবি করছেন। অর্থাৎ, তাঁর মতে, দেশের বেশিরভাগ নাগরিক গো-হত্যা নিষিদ্ধ করে দেওয়ার পক্ষে।

রাম মন্দিরের ভূমি পুজো সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব কিছু ঠিকঠাক থাকলে সোমবার থেকে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। ইতিমধ্যে জমিতে সাফাইয়ের কাজ শুরু হয়েছে। তাঁর মুখে মন্ত্রোচ্চারণ শুনেই ভূমি পুজো সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী। আর পাঁচজন পুরোহিতের মতো তিনিও পুজোর পর দক্ষিণা পেয়েছেন। তবে অর্থের বাইরেও তিনি দক্ষিণার আশা করেছেন। কারণ এই পুজোয় তাঁর যজমান কোনও সাধারণ নাগরিক নন। দেশের প্রধানমন্ত্রী। আর তাই পণ্ডিত গঙ্গাধর পাঠক দাবি করেছেন, নরেন্দ্র মোদী গণতন্ত্রের রক্ষা করার পাশাপাশি হিন্দু ধর্মের সেবাও করেছেন। একজন হিন্দু পুরোহিত হিসাবে তাই তিনি গর্বিত।

আদতে মুঙ্গেরের বাসিন্দা পণ্ডিত গঙ্গাধর পাঠক নিজে গিয়ে অবশ্য প্রধানমন্ত্রীর কাছে এই আবদার করতে পারেননি। ভূমি পুজোর দিন এই দাবি তুললে পরিবেশ নষ্ট হয়ে যায়! তাই তিনি পুজো সম্পন্ন করার পর সংবাদমাধ্যমের শরনাপন্ন হন।

RELATED Articles

Leave a Comment