এবার টিকার দুনিয়ায় পা মুকেশ আম্বানির সংস্থার, করোনার টিকা আনছে রিলায়েন্স, অনুমতি মিলেছে প্রথম ট্রায়ালের

এবার টিকার দুনিয়াতেও আধিপত্য বিস্তার করতে চাইছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স। গতকাল, বৃহস্পতিবার  ড্রাগস নিয়ন্ত্রক সংস্থা রিলায়েন্সের এই টিকাকে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে সাবজেক্ট এক্সপার্ট কমিটির একটি সভায় রিলায়েন্স লাইফ সায়েন্সের আবেদন পর্যালোচনার পরই এই অনুমোদন দেওয়া হয়েছে। রিলায়েন্স লাইফ সায়েন্স রিলায়েন্স ইন্ডাস্ট্রিজেরই একটি অংশ। এও জানা গিয়েছে যে রিলায়েন্সের এই টিকা প্রোটিন নির্ভর।

আরও পড়ুন- কোভিড-১৯-এর থেকেও অনেক বেশি শক্তিশালী ও ভয়ংকর হবে কোভিড-২২, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

প্রথম ট্রায়ালে সাধারণত টিকার কাজের পদ্ধতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। এই ট্রায়ালে টিকাটি কতটা সুরক্ষিত তা নিয়ে তথ্য জানা যাবে। এই ট্রায়াল চলে ৫৮ দিন। প্রথম ট্রায়াল সফল হলে দ্বিতীয় ও তৃতীয় ট্রায়ালের জন্য আবেদন করতে পারবে মুকেশ আম্বানির সংস্থা।

এখনও পর্যন্ত দেশে জরুরী ভিত্তিতে ব্যবহারের জন্য মোট ছ’টি টিকাকে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিশিল্ড, ভারত বায়োটেকের কো-ভ্যাক্সিন, রাশিয়ার স্পুটনিক-ভি, মার্কিন কোম্পানির মর্ডানা ও জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ টিকা।

আর সম্প্রতিই, করোনার বিরুদ্ধে লড়ার জন্য ষষ্ঠ হাতিয়ার হিসেবে ছাড়পত্র পেয়েছে জাইডাস ক্যাডিলার ZyCov-D টিকা। জাইডাস ক্যাডিলার এই টিকা বিশ্বের প্রথম ডিএনএ টিকা যা খুব তাড়াতাড়ি শরীরে অ্যান্টিবডি তৈরিতে সক্ষম। আর এই টিকা নিডল ফ্রি হওয়ায় সূচভীতি থেকেও মুক্তি পাবে মানুষ।

করোনার বিরুদ্ধে লড়াই করার একমাত্র হাতিয়ার যে টিকাই, একথা বারবার বলেছেন বিশেষজ্ঞরাও। এখনও পর্যন্ত দেশে করোনার টিকা পেয়েছেন ৬১ কোটি ২২ লক্ষ ৮ হাজার ৫৪২ জন। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৭৯ লক্ষ ৪৮ হাজার ৪৩৯ জন মানুষের, এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন- স্নাতকোত্তরের সমস্ত ফি মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয়, করোনা পরিস্থিতির জেরে বড়সড় সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

এর পাশাপাশি গতকাল, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানান, এখনও করোনার দ্বিতীয় ঢেউয়ের হাত থেকে মুক্ত হতে পারেনি দেশ। তাঁর কথায়, “সেপ্টেম্বর ও অক্টোবর, এই দু’টি মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই দু’মাসই হল উৎসবের সময়। এই সময়ে কঠোর ভাবে কোভিড-বিধি মেনে চলতেই হবে”।

RELATED Articles