গ্রেফতার রিপাবলিক টিভির কর্ণধার বিকাশ খানচন্দানি, টিআরপি কারচুপির অভিযোগ

গ্রেফতার হলেন রিপাবলিক টিভির সিইও বিকাশ খানচন্দানি। ভুয়ো টিআরপি মামলায় রবিবারই তাঁকে গ্রেফতার করেন মুম্বই পুলিশ। গত অক্টোবর মাসেও এই বিষয়ে জেরা করা হয়েছিল তাঁকে।

গত অক্টোবর মাসেই ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল-এর তরফে নিযুক্ত ফার্ম হানসার তরফে টেলিভিশন রেটিং পয়েন্টে কারচুপি করার অভিযোগ জানানো হয়। এরপরই এই বিষয়ে তৎপর হয়ে তদন্তে নামে মুম্বই পুলিশ। এমন কথাই জানানো হয়েছে মুম্বই পুলিশের সর্বময় কর্তা পরমবীর সিং।

এই মামলায় তদন্তের পর পুলিশের তরফ থেকে জানানো হয় তিনটি চ্যানেল টাকা দিয়ে নিজেদের টিআরপি বাড়ানোর কারচুপিতে জড়িত। এই তিনটি চ্যানেলের মধ্যে রিপাবলিক টিভি ছাড়াও নাম জড়িয়েছে ফাকত মারাঠি ও বক্স সিনেমার।

এদিকে, রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী দাবী করেছেন, নিজেদের সাংবাদিকতার মাধ্যমে মহারাষ্ট্র সরকারকে আক্রমণ শানানোর জেরে রিপাবলিকের নাম বদনাম করার চেষ্টা মুম্বই পুলিশ। তিনি এও জানান যে, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল-এর অভিযোগে কোথাও রিপাবলিকের নাম নেই। ভারতের মানুষের আসল সত্যিটা জানা দরকার।

এই টিআরপি রেটিং-এর দুর্নীতির জেরে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে আপাতত বিভিন্ন সংবাদ চ্যানেলের রেটিং প্রক্রিয়া বন্ধ রয়েছে। কোনও ভাষার সংবাদ চ্যানেলেই এখন আর সাপ্তাহিক রেটিং দেওয়া হচ্ছে না।

প্রসঙ্গত, কিছুদিন আগেই রিপাবলিকের এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। বছর দুই আগেকার একটি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর সুপ্রিম কোর্টে ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে জামিন পান অর্ণব। তাঁর গ্রেফতারির তীব্র নিন্দা করেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যান্য বিজেপি সাংদস-নেতা।

RELATED Articles