বিরোধী শাসকদল বিজেপির কণ্ঠকে দমিয়ে দিতে চায়, নাম না করেই টুইটে কটাক্ষ নাড্ডার

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা টুইটে নাম না করেই বিঁধলেন রাজ্য সরকারকে। সোমবার বিকেলে তিনটি টুইট করেন নাড্ডা। প্রথম টুইটে তিনি লেখেন, ‘কিছুদিন ধরেই দেখছি বিরোধীদলগুলি যেসব রাজ্যে সরকারের ভূমিকায় রয়েছেন সেখানে বিজেপি কর্মীরা বারবার আক্রমণের শিকার হচ্ছেন। তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক যন্ত্রকে অপব্যবহার করা হচ্ছে। এমনকি করোনা মোকাবিলায় এগিয়ে এলেও তাদের রুখে দেওয়া হচ্ছে এবং সরকারের সমালোচনা করলে সরকারের চক্ষুশূল হতে হচ্ছে। আমরা গণতান্ত্রিক দেশে বাস করে এমন রাজতন্ত্র মেনে নিতে পারব না।’

প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় হুগলির তেলেনি পাড়ায় যেতে চাইলে পুলিশ তাঁকে বাধা দেয়।তারপর পুলিশ কমিশনার ও জেলা শাসকের সঙ্গে দেখা করতে চাইলে তাঁরা দেখা করতেও নারাজ হন। উপরন্তু লকেট চট্টোপাধ্যায় এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে, এফআইআর পর্যন্ত দায়ের করা হয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুগলির অশান্তির ঘটনায় অমিত শাহকে চিঠি পাঠান। এরপরই দলের সর্বভারতীয় সভাপতি টুইটে নিজের বক্তব্য প্রকাশ করেন। টুইটের দ্বিতীয় টুইটে তিনি বাক স্বাধীনতার বিষয়ে মন্তব্য করে লিখেছেন, ‘বিতর্ক এবং সমালোচনা দুটোই গণতন্ত্রের অঙ্গ। কিন্তু সরকার বিরোধীদের মুখ বন্ধ করতে সরকারি ক্ষমতার অপব্যাবহার করছে। বিরোধীদের সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করার অধিকার রয়েছে।’

https://twitter.com/JPNadda/status/1262323098004553728?s=20

বর্তমান পরিস্থিতিতে বিজেপি কর্মী থেকে আম জনতা যাঁরাই প্রশাসনের ব্যর্থতার বিষয়ে সরব হচ্ছেন তাদের তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন। তিন নম্বর টুইটের তিনি লিখেছেন, ‘আমি বিজেপির সমস্ত কর্মী, ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে বলছি যাঁরা শাসকদলের রোষে পড়ছেন তাঁদের পাশে বিজেপি রয়েছে। যারা নিজেদের ঘরের কথা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আপনাদের বাকস্বাধীনতা কেড়ে নিতে চাইছে বিজেপি গণতান্ত্রিক ভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।’

https://twitter.com/JPNadda/status/1262323007386578944?s=20

আরও অন্যান্য খবর