পিএম কেয়ারস ফান্ড নিয়ে শীর্ষ আদালতে বড় জয় পেল মোদী সরকার

পিএম কেয়ারস ফান্ড নিয়ে সুপ্রিম কোর্টে জয়লাভ করল কেন্দ্রীয় সরকার। লকডাউনের শুরুর দিকে ২৮শে মার্চ পিএম কেয়ারস ফান্ড প্রতিস্থাপনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর এই ফান্ড তৈরির যৌক্তিকতা নিয়ে উঠতে শুরু করে বিভিন্ন প্রশ্ন। ডিজাস্টার ফান্ড থাকতে আবার আরেকটা ফান্ড কেন তৈরি করা হল? এর মাধ্যমে বিজেপি সুবিধা পেতে চাইছে, ইত্যাদি মন্তব্যে ভরে ওঠে নেট দুনিয়া।

মামলা গড়ায় আদালতে। কিন্তু এদিনের রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কেন্দ্রীয় সরকার। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে যে এই ফান্ড তৈরি করার ফলে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ভঙ্গ হয়নি। এছাড়াও সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছিল যে এই পিএম কেয়ারস ফান্ডে যে টাকা জমা পড়েছে তা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ডে স্থানান্তরিত করা হোক। এই পিটিশনও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

এইদিন বিচারপতি অশোক ঘোষের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ মন্তব্য করে যে দেশে দুটি অর্থ তহবিল আলাদা করে থাকতেই পারে। যে যেখানে চায় সেখানে টাকা দান করবেন কিন্তু একটি ফান্ডের টাকা অপর ফান্ডে স্থানান্তরিত করার প্রয়োজন নেই।

করোনার মতো কোনও আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করার জন্যই পিএম কেয়ারস ফান্ড তৈরি করা হয়েছিল। কিন্তু বিরোধীদের দাবি ছিল যে দেশে আপৎকালীন বিপদ সামলানোর জন্য যে ফান্ড আছে সেখানেই টাকা জমা করা যায়, আলাদা করে আবার নতুন একটা ফান্ড খোলার কী প্রয়োজন ছিল? এটি দেশের আইনকে ভঙ্গ করছে।

কেন্দ্রীয় সরকার আদালতে এর বিরোধিতা করে জানায় যে এর আগে এরকম অনেক ফান্ড কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছিল আপৎকালীন ত্রাণ কাজের জন্য।

এটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট, যেখানে যে ইচ্ছে টাকা দিতে পারে। কেন সিএজি এই ট্রাস্টের টাকা অডিট করছে না, সেই প্রশ্ন করে আবেদনকারীরা।

যদিও বিরোধীদের সমস্ত প্রশ্নই খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলল কেন্দ্রীয় সরকার।

RELATED Articles

Leave a Comment