রাফাল ওড়াবে বারাণসীর মেয়ে, বাবার স্বপ্নপূরণ করল শিবাঙ্গি সিংহ

ভারতীয় বিমানবাহিনীতে মহিলা যোদ্ধা পাইলট হিসাবে রাফাল বিমান উড়ানোর সুযোগ পেলেন শিবাঙ্গি সিংহ। ফ্রান্স থেকে রাফাল বিমান ভারতে আসার পরেই দেশজুড়ে জল্পনা তৈরি হয়েছিল কে বা কারা ওড়াবে এই বিমান। এই বিষয়ে সব ধন্ধ মিটবে এবার।

এর আগে একটি মিগ-২১ বাইসনের মতো বিমান উড়িয়েছেন শিবাঙ্গি। এক বিমান থেকে অন্য বিমান ওড়াতে হলে দরকার ‘স্পেশাল ট্রেনিং’। সেই ট্রেনিং শেষ করে খুব শিগগিরই আম্বালায় ভারতীয় বিমানবাহিনীর ১৭ স্কোয়াড্রন গোল্ডেন অ্যারোয় যোগ দেবেন তিনি। এই মুহূর্তে ভারতীয় বিমানবাহিনীতে মোট ১০ জন মহিলা পাইলট রয়েছে। তাদের মধ্যে থেকে রাফাল স্কোয়াড্রনের প্রথম মহিলা ফাইটার হওয়ার সৌভাগ্য অর্জন করেছে শিবাঙ্গিই।

বারাণসীর মেয়ে শিবাঙ্গি। বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর এনসিসিতে যোগ দেন তিনি। ২০১৭ সালে ভারতের মহিলা ফাইটার পাইলটদের দ্বিতীয় ব্যাচের অংশ হিসাবে ভারতীয় বিমানবাহিনীতে প্রথম পদক্ষেপ তার। যোগদানের পর মিগ-২১ বাইসনের মতো বিমান উড়িয়েছেন। ভারতের অন্যতম সেরা ফাইটার পাইলট উইং কম্যান্ডার অভিনন্দনের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

শিবাঙ্গির বাবা এক সাক্ষাৎকারে বলেন, “আমরা গর্বিত আমাদের মেয়ে বেনারসের পাশাপাশি গোটা দেশের নাম উজ্জ্বল করেছে। মেয়ে রাফাল ওড়াবে, এর চেয়ে বড়ো সুখের কী হতে পারে“। শিবাঙ্গির বাবার পরিবহণের ব্যবসা, মা সাধারণ গৃহিণী এবং তার ভাই মায়াঙ্ক দ্বাদশ শ্রেণীর ছাত্র। তার বাবার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। সেই স্বপ্নতেই এখন রঙ ঢালছেন শিবাঙ্গি।

বলাই বাহুল্য, শিবাঙ্গির এই পথ চলা দেশের মেয়েদের আরও উৎসাহিত করবে। এর জেরে নারীশক্তিতে বলীয়ান হবে দেশ। দেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিবাঙ্গির অবদান অনস্বীকার্য।

RELATED Articles

Leave a Comment