ইনভেস্টর সমস্যা মিটলেই যে আইএসএলে খেলা নিশ্চিত, এই বিশ্বাস রেখেই আঘাত পেয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। শুধু ইনভেস্টর আসলেই হল না, সমস্যার টানাপোড়েন লেগেই চলেছে। দীর্ঘ লড়াই করে ইনভেস্টর পেলেও অনিশ্চিত ছিল আইএসএল খেলা, কারণ লাইসেন্স জট। ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’ নাম দিয়ে নতুন কোম্পানি থেকে বিড পেপার জমা দেওয়ার হলেও কোম্পানির নামে লাইসেন্স করা নিয়ে সমস্যায় পড়েছিল ইস্টবেঙ্গল।
শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামে নতুন কোম্পানি গঠন হয়ে গিয়েছে। কিন্তু ইস্টবেঙ্গলের লাইসেন্স ‘ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড’ থেকে নতুন কোম্পানি ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’-এর নামে করার কথা। রেজিস্ট্রার না হলে এফএসডিএল, ফেডারেশনের অনুমতি থাকলেও আইএসএল খেলতে পারত না ইস্টবেঙ্গল। এর আগে ফেডারেশন সচিব কুশল দাস এএফসিকে নতুন কোম্পানির নামে লাইসেন্স দিতে অনুরোধ করে চিঠি লিখেছিলেন।
তবে এবার কাটল সেই জট। আইএসএলে খেলার জন্য ফেডারেশন সচিব কুশল দাসকে চিঠি পাঠিয়েছেন এএফসির কম্পিটিশন এবং ফুটবল ইভেন্টস ডিভিশনের ডিরেক্টর শিন মঞ্জিল। তিনি লিখেছেন, “সব রকম ভাবে সাহায্য করবে এএফসি।” ক্লাব কর্তাদের এত লড়াই করার ফল আসবে খুব শীঘ্রই। লাল-হলুদ সমর্থকদের অপেক্ষার অবসান হতে চলেছে। কয়েকদিনের মধ্যেই এফএসডিএল আসন্ন আইএসএলে ইস্টবেঙ্গলের খেলার কথা সরকারি ভাবে ঘোষণা করবে।
ফলে আইএসএলের ময়দানে জমে যাবে ইস্ট-মোহন ডার্বি।





