সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে সেখানকার রাজভবনে শপথ নিলেন বর্ষীয়ান বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর, তিনি দলীয় কর্মীদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, করোনা ভাইরাস প্রতিহত করাই এখন তাঁর সরকারের লক্ষ্য। উদযাপন পরে করা যাবে। এএনাইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, করোনার সংক্রমণ রোখাই এখন তাঁর আসল লক্ষ্য। একনিষ্ঠ বিজেপি কর্মী হিসাবে মধ্যপ্রদেশের উন্নতির জন্য তিনি কাজ করবেন বলে জানিয়েছেন এই সাক্ষাৎকারে।
তিনি দলীয় কর্মীদের পথে নেমে উদযাপন করতে নিষেধ করেছেন এবং তাদেরকে বাড়িতে বসে এই নতুন গঠিত সরকারের জন্য প্রার্থনা করতে বলেছেন।
২০০৩ থেকে ২০১৮ র মধ্যবর্তী সময়ে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০শে মার্চ কমলনাথ রাজ্যপাল লালজি ট্যান্ডনের কাছে ইস্তফা দেওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হলেন শিবরাজ সিং চৌহান।





