জোর ধাক্কা তৃণমূলে, মমতাকে কোণঠাসা করতে এবার গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে শিবসেনা, জোটের পরিকল্পনা যোগীরাজ্যেও

মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস ব্যতীত বিজেপি বিরোধী জোটের পরিকল্পনাতে আগেই জল ঢেলে দিয়েছিল শিবসেনা। আর এবার মহারাষ্ট্র ছাড়া অন্যান্য রাজ্যেও কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার পরিকল্পনা করছে শিবসেনা।

সেই অনুযায়ী শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বৈঠক করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে। এরপরই সঞ্জয় রাউত নিজেই জানান যে আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশ ও গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে পারে শিবসেনা।

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বুধবার বলেন যে তাঁর দল শিবসেনা উত্তরপ্রদেশ এবং গোয়ার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের সাথে জোট গঠন করতে পারে। দিল্লিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে উত্তরপ্রদেশ নিয়ে একটি ‘ইতিবাচক’ বৈঠকের পর তিনি এই বিবৃতি দেন।

উল্লেখ্য, শরদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, কংগ্রেস ও শিবসেনা এই তিন রাজনৈতিক দল জোট বেঁধে মহারাষ্ট্র সরকার চালায়। এই জোট তৈরি করতে বেশ কসরত করতে হয়েছিল শরদ পাওয়ারকে। কারণ শোনা যায়, শিবসেনার মতো ডানপন্থী দলের সঙ্গে প্রথমের দিকে জোট বাঁধতে আপত্তি ছিল রাহুল ও সোনিয়া গান্ধীর।

তবে বিগত কয়েক বছর ধরেই আলাদা মতাদর্শের তিন রাজনৈতিক দলের জোট ‘মহাবিকাশ আঘাড়ি’ মহারাষ্ট্রে সরকার মহারাষ্ট্রে সরকার চালাচ্ছে। এই আবহে বিজেপি বিরোধী জোট বাঁধতেই এই জোটকে অন্য রাজ্যেও নিয়ে যেতে চায় শিবসেনা।

গত মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন সঞ্জয় রাউত। এরপরই তিনি জানান যে বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে কংগ্রেসের প্রয়োজন। কংগ্রেস ছাড়া জোট বাঁধা মানে তা আখেরে বিজেপিকে সাহায্য করা। এর পাশাপাশি তিনি এও জানান যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে পাশ কাটিয়েই বিরোধী জোটের পরিকল্পনা করছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুম্বই সফর যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের পাশে দাঁড়িয়ে তিনি ইউপিএর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। এই সফরেই আদিত্য ঠাকরে ও সঞ্জয় রাউতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। এরপর শিবসেনার মুখপত্রে মমতার প্রশংসা করা হলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, বিজেপি বিরোধী জোট বাঁধতে কংগ্রেসকে বাদ দেওয়া সম্ভব নয়।

RELATED Articles