পিএম কেয়ার্সে আড়াই লক্ষ টাকা দেওয়ার পরও মরণাপন্ন মায়ের জন্য হাসপাতালে মিলল না বেড, ক্ষোভমিশ্রিত টুইট ছেলের

করোনার দ্বিতীয় ঢেউ গোটা দেশকে এক ভয়ঙ্কর পরিস্থিতির সামনে এনে দাঁড় করিয়েছে। চারিদিকে চলছে হাহাকার। কোথাও হাসপাতালে বেড নেই তো কোথাও আবার অক্সিজেনের অভাব। এরই মধ্যেই শুরু হয়েছে অক্সিজেন সিলিন্ডার, ওষুধ নিয়ে কালোবাজারি।

চিকিৎসা পরিকাঠামো বেহাল গোটা দেশে। শুধুমাত্র অক্সিজেনের অভাবে, চিকিৎসার অভাবেই কত মানুষের প্রাণ যাচ্ছে নিত্যদিন। এমনকি, প্রধানমন্ত্রীর উদ্যোগে তৈরি পিএম কেয়ার্সে বড় অঙ্কের টাকা দেওয়ার পরও হাসপাতালে মিলছে না বেড। এমনই একটি ঘটনা সম্প্রতি সামনে এসেছে।

বিজয় পারিখ নামের এক ব্যক্তি টুইটার হ্যান্ডেলে পিএম কেয়ার্সে নিজের ডোনেট করা আড়াই লক্ষ টাকার প্রাপ্তিস্বীকারের রিসিপ্টের ছবি পোস্ট করেন। তিনি জানান যে মরণাপন্ন মায়ের জন্য কোনও হাসপাতালে বেড পাননি তিনি। তাঁর এই টুইটে তিনি প্রধানমন্ত্রীর অফিস, আরএসএস, রাজনাথ সিং, স্মৃতি ইরানি ও রাষ্ট্রপতি ভবনকে ট্যাগ করেন।

তীব্র ক্ষোভ প্রকাশ করে ওই ব্যক্তি বলেন, “আমার মরণাপন্ন মায়ের জন্য আড়াই লক্ষ টাকা ডোনেশন দেওয়ার পরও আমি একটা বেড জোগাড় করতে পারিনি। দয়া করে আমাকে বলুন আগামী তৃতীয় ঢেউয়ের জন্য আমাকে আর কত টাকা দিয়ে বেড নিশ্চিত করতে হবে, যাতে আমার পরিবারের অন্য কাউকে আর হারাতে না হয়”।

https://twitter.com/VeejayParikh/status/1396834006897815562

আরও পড়ুন- করোনা নিরাময়ে আরও এক পদক্ষেপ, দেশে এল আমেরিকার তৈরি ‘অ্যান্টিবডি ককটেল’, দাম শুনলে চমকে যাবেন 

বিজয় পারিখের এই টুইট তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তাঁকে সমবেদনা জানিয়েছেন। তাঁর মায়ের আত্মার শান্তি কামনা করেছেন। আবার অনেকেই এই বিষয়ে কেন্দ্রের উপর ক্ষোভ বর্ষণ করেছেন। অনেকেই কটাক্ষ করে বলেছেন যে এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। আবার অনেকেই তাঁকে বলেছেন যে ডোনেশন ফিরিয়ে নেওয়ার কোনও পন্থা থাকলে, তিনি যেন তাই-ই করেন, কারণ এমন সরকারের থেকে কিছু আশা করাই বৃথা।

RELATED Articles