Subsidy on Parliament Canteen Food Ends: ভর্তুকি উঠল সংসদীয় ক্যান্টিনে! বাড়বে খাবারের দাম

সংসদীয় ক্যান্টিনে খাবারের দাম বাড়তে পারে খুব শীঘ্রই। মঙ্গলবার তেমনই ইঙ্গিত করল লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি জানান, সংসদীয় ক্যান্টিনে এবার থেকে উঠে যাবে ভর্তুকি। এর জেরে খাবারের দাম হবে বেশি। প্রসঙ্গত, সংসদীয় ক্যান্টিনে বাইরের দোকানের থেকে অনেক কম মুল্যে পাওয়া যেত খাবার। এবার থেকে তা আর হবে না। বাইরের দোকানের দামেই নেতা-মন্ত্রীদের খাবার কিনতে হবে।

তবে তাঁর এই পদক্ষেপের ফলে আর্থিক বিষয়ে ঠিক কী কী উন্নতি হবে, তা স্পষ্ট করে জানাননি ওম বিড়লা। কিন্তু সূত্রের খবর অনুযায়ী, যদি এই ভর্তুকি তুলে নেওয়া হয়, তাহলে সরকার বছরে প্রায় আট কোটির বেশি টাকা সাশ্রয় করতে পারবে।

আগামী ২৯শে জানুয়ারি বসবে পরবর্তী সংসদ অধিবেশন। এর আগেই সাংবাদিকদের সামনে এই ঘোষণা করেন ওম বিড়লা। এও বলেন যে, এবার থেকে সংসদীয় ক্যান্টিনগুলি নর্দান রেলওয়ের পরিবর্তে আইটিডিসি দ্বারা পরিচালিত হবে।

বিড়লা এও জানান যে বাজেট অধিবেশনের আগেই সংসদের সমস্ত সদস্যদের করোনা পরীক্ষা করার অনুরোধ করা হবে। রাজ্যসভা বসবে সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত ও লোকসভা বসবে দ্বিতীয়ার্ধে ৪টে থেকে ৮টা পর্যন্ত। অধিবেশনের সময়ই এক ঘণ্টা সময় থাকবে প্রশ্নোত্তরের জন্য।

স্পিকার এও জানান যে, আগামী ২৭-২৮শে জানুয়ারি তাঁর বাসস্থানের কাছেই আরটিপিসিআর কোভিড-১৯ পরীক্ষা হবে সংসদের সদস্যদের পরিবারের সকলের ও তাদের কর্মীর। তিনি এও জানান যে, দেশে করোনার যে গণটিকাকরণ শুরু হয়েছে তা কেন্দ্র এবং রাজ্যের সংসদরাও সেই আওতায় পড়বেন।

RELATED Articles