আর মাত্র দু’দিন পরই রয়েছে ত্রিপুরায় পুরভোট। কিন্তু এর আগেই সে রাজ্যের পদ্মশিবিরে তুলকালাম কাণ্ড। দলের বিরুদ্ধেই তোপ দাগলেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ। এদিন সাংবাদিক বৈঠকে শীর্ষ নেতৃত্বকে তুলোধোনা করলেন তিনি।
প্রসঙ্গত, আগামী ২৫শে নভেম্বর রয়েছে আগরতলা-সহ ২০ টি পুরসভা ও নগর পঞ্চায়েতে নির্বাচন। এর আগে বিভিন্ন জায়গায় বিরোধীদের ওপরে হামলার ঘটনা ঘটেছে ত্রিপুরায়। তৃণমূলের ওপরে হামলার খবর সামনে এসেছে। এ নিয়ে এদিন দলের রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ।
তাঁর অভিযোগ, সিপিএম-এর গুণ্ডারা বিজেপিতে ঢুকে পড়ে বদনাম করছে। তিনি বলেন, “ত্রিপুরায় পুরভোট প্রহসনে পরিণত হয়েছেন। সিপিএমের গুন্ডারা এখন বিজেপিতে। তাদের জন্যই বদনাম হচ্ছে দলের। মূল শত্রুকে চিহ্নিত করতে ভুল করছে বিজেপি”।
উল্লেখ্য, মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই সুদীপ রায় বর্মণের নিশানায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তবে এদিন বিপ্লব দেবের নাম করেননি তিনি। তিনি বলেছেন শিশু সুলভ নেতৃত্ব। সুদীপ রায় বর্মণের কথায়, মুষ্টিমেয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁর।
তিনি দাবী করেছেন যে যাঁরা দল ছেড়ে গিয়েছেন, তাঁদের অবিলম্বে দলে ফিরিয়ে আনতে হবে। বিপ্লব দেবের নাম না করেই তিনি বলেন, “একজন শীর্ষ নেতৃত্বকে দেখছি মেরে ধরে তিনি কাজ দেখাচ্ছেন। কিন্তু এইভাবে পরিস্থিতির নিয়ন্ত্রণ করা যায় না”।





