দেশের নাম পরিবর্তন করার আর্জি শুনতে রাজি হল না সর্বোচ্চ আদালত। আবেদন পর্যালোচনার জন্য তাই পাঠানো হল কেন্দ্রের কাছে।
বুধবার সুপ্রিম কোর্টে দেশের নাম বদলের আবেদনের শুনানি ছিল। প্রথম আবেদনে দিল্লিবাসী জনৈক ‘নমাহ’ দাবি করেন, ইন্ডিয়া নামটির উৎস আদতে গ্রিক শব্দ। পরে ব্রিটিশ সরকার সেই নামই বহাল রাখে তাঁদের ঔপনিবেশিক সুবিধার্থে। বিদেশিদের দেওয়া এই নাম বহাল রাখার অর্থ বিগত ইংরেজ আমলের পরম্পরা বজায় রাখা, যুক্তি দেন আবেদনকারীর আইনজীবী। তাঁর যুক্তি, ভারত নামটি দেশের গৌরব ও ঐতিহ্যের সঠিক মূল্যায়ণ করে বলেই সরকারি ভাবে দেশের নাম পরিবর্তন করা সমীচীন।
এই সওয়ালের প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ ভারতীয় সংবিধান থেকে উদ্ধৃতি দেয়। প্রধান বিচারপতি সংবিধানের প্রথম অনুচ্ছেদের অংশ পাঠ করেন, যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে ইন্ডিয়া ও ভারত অভিন্ন রাষ্ট্র।
এর জেরে আবেদনকারীর আইনজীবী সংবিধানের প্রথম অনুচ্ছেদ সংস্কারেরও আর্জি জানান। কিন্তু সেই আবেদনে সাড়া দিতে অস্বীকার করে প্রধান বিচারপতি বোবডে ছাড়াও সুপ্রিম কোর্টের এই বেঞ্চের অন্য দুই সদস্য বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি হৃষিকেশ রায়। এই বিষয়ে হস্তক্ষেপ না করে তা বিবেচনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে শীর্ষ আদালত।





