যেমন কথা, তেমন কাজ! নতুন বছরেই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে চলেছেন শুভেন্দু অধিকারী। তাঁকে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের পদ দেওয়া হচ্ছে তাঁকে। শীঘ্রই সেই পদে বসবেন সদ্য বিজেপি নেতা।
এরকম যে কিছু হতে চলেছে তা স্পষ্টই ছিল। তিনি যে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদ পাচ্ছেন, তা সংশ্লিষ্ট মন্ত্রক থেকেই তাঁকে ফোন করে জানানো হয়েছে। এই বিষয়ে জরুরি নথিপত্র জোগাড় করাও শুরু হয়ে গিয়েছে। শুভেন্দুর বায়োডাটা চেয়ে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। নতুন বছরেই তিনি এই পদে যোগদান করবেন।
তাঁর এই পদ পাওয়ার নেপথ্যে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই রয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। শুভেন্দুর এই নতুন পদ কেন্দ্রীয় মন্ত্রীর পদের সমান বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীরা যে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন, সেই সমস্ত সুযোগ সুবিধাই পান জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানও।
প্রসঙ্গত, গত ১৯শে ডিসেম্বর মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র উপস্থিতিতেই গেরুয়া শিবিরে যোগ দেন শুভেন্দু অধিকারী। এর আগে তৃণমূলে থাকাকালীন তিনি হলদিয়া উন্নয়ন পর্ষদ ও এইচআরবিসি-এর চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন। এর সঙ্গে ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। কিন্তু সময় বিশেষে তিনি চেয়ারম্যান পদ-সহ বিধায়ক পদ ও মন্ত্রিত্ব পদ থেকেও বিদায় জানান। এরপর পদ্ম শিবিরে অভিষেক করেন তিনি।





