২০২০ সাল মানুষকে অনেক কিছু দেখিয়ে দিয়েছে। তারমধ্যে সবথেকে ভয়াবহ ব্যাপার হচ্ছে এই লকডাউন। তাই নিয়েই এবার নিজের চিন্তা ব্যক্ত করলেন রাহুল গান্ধী।
“বিশ্বযুদ্ধের সময়ও পৃথিবীতে লকডাউন হয়নি, যা হল এই করোনাভাইরাস অতিমারির সময়ে। এটা অবিশ্বাস্য। আমার মনে হয় না, কেউ ভেবেছিলেন, বিশ্ব এভাবে লকডাউনের মধ্যে দিয়ে যাবে। আমার মনে হয় না, বিশ্বযুদ্ধের সময়েও পৃথিবীতে এমন লকডাউন হয়েছিল। আমার মনে হয়, তখনও সব কিছু খোলা ছিল। এটা নজিরবিহীন ও ভয়ঙ্কর ঘটনা।” বললেন তিনি।
কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজের সঙ্গে অনলাইনে আলোচনা করছিলেন রাহুল। সেখানেই গাঁধী বলেন, পরিযায়ী ও দরিদ্রদের কাছে লকডাউন বিভীষিকা হয়ে দেখা দিয়েছে। ওঁদের কোথাও যাওয়ার ছিল না।
এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কেন্দ্রে ক্ষমতায় থাকলে কী করতেন। গাঁধী এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলেন, কেন্দ্রের উচিত সক্রিয় ভূমিকা অবলম্বন করা। যুদ্ধটা মুখ্যমন্ত্রীদের কাছে পৌঁছে দেওয়া উচিত ছিল। কিন্তু, ভারতে যা ঘটল, কেন্দ্র সরকার পিছু হঠল। এখন অনেক দেরি হয়ে গিয়েছে।
রাহুল যোগ করেন, ভারতে লকডাউন অকৃতকার্য হয়েছে। বিশ্বের একমাত্র দেশ, যেখানে লকডাউন খুলতেই সংক্রমণের মাত্রা হু হু করে বৃদ্ধি পাচ্ছে।
আলোচনায় রাহুল গাঁধী বলেন, কেন্দ্রের উচিত বিশেষজ্ঞ ও অন্যান্য অংশীদারদের কথা শোনা।
এর আগে রাহুল গত ৩০ এপ্রিল করোনাভাইরাস অতিমারী ও তার অর্থনৈতিক প্রভাব নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের সঙ্গে ও তারপরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা চালিয়েছিলেন।
স্বনামধন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তথা হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের প্রফেসর আশীস ঝা এবং সুইডেনের মহামারী বিশেষজ্ঞ জোহান জিসেকের সঙ্গেও এই ব্যাপারে আলোচনা চালান রাহুল।





