“মোদী খুব ভালো মানুষ”, হাইড্রক্সিক্লোরোকুইন পাঠাতেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছিলেন হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠালে ফল ভুগতে হবে ভারতকে। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই সুর বদল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ বার তিনি বললেন, মোদী ভাল মানুষ। মোদী মহান! এরকম সুরবদলের কারণ? ভারত যে পাঠাচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন।

বুধবার এক সংবাদ সংস্থাকে ট্রাম্প বলেন, “দু’কোটি নব্বই লক্ষ ওষুধ আসছে ভারত থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে আমার। ভারত থেকে ওষুধ আসছে। মোদী মহান। উনি খুব ভাল মানুষ।” যদিও এদিন সকালের সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, “এখনও মোদী যদি এই ওষুধ রফতানির উপর নিষেধাজ্ঞা না তোলেন খুব আশ্চর্য হব।”

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, গুজরাতের তিনটে কারখানা থেকে জাহাজবোঝাই ওষুধ পাড়ি দিয়েছে আমেরিকার উদ্দেশ্যে। 

মঙ্গলবারই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠালে ফল ভুগতে হবে ভারতকে। “মোদীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আশা করি, তিনি ওষুধের উপর নিষেধাজ্ঞা তুলে নেবেন। তবে তিনি যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন, আমেরিকা পাল্টা পদক্ষেপ করতে পিছপা হবে না।” রীতিমত হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

করোনাভাইরাসের সংক্রমণের দিক থেকে এই মুহুর্তে বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে সাড়ে তিন লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। হাইড্রক্সিক্লোরোকুইন করোনা রোধে সাহায্য করতে পারে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই আমেরিকায় এই ওষুধের চাহিদা বাড়তে শুরু করেছে। সারা বিশ্বের মধ্যে ৭০ শতাংশ হাইড্রক্সিক্লোরোকুইন উৎপাদন করে ভারত। আমেরিকার ড্রাগ কন্ট্রোল বোর্ডও এই ওষুধকে করোনা ভাইরাসের চিকিৎসায় ছাড় দিয়েছে।

কিন্তু গত ২৫ মার্চ নিঃশব্দে এই ওষুধের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, এখন থেকে শুধু মানবিক কারণে এবং আপৎকালীন প্রয়োজনেই এই ওষুধ রফতানি করা যাবে। তারপরই ট্রাম্প হুঁশিয়ারি দেন। আর তার কয়েকঘন্টার মধ্যেই জাহাজবোঝাই হাইড্রক্সিক্লোরোকুইন পাড়ি দিল আমেরিকার উদ্দেশ্যে।

RELATED Articles

Leave a Comment