সদ্যই শেষ হয়েছে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যে গেরুয়া ঝড় উঠেছে। এই চার রাজ্যে সরকার গড়বে বিজেপি। আর এরই মধ্যে ছড়িয়ে পড়েছে একটি খবর তা সোশ্যাল মিডিয়া উত্তাল করেছে।
সোশ্যাল মিডিয়ার এই বার্তা অনুযায়ী, প্রধানমন্ত্রী রামবাণ সুরক্ষা যোজনার অধীনে দেশের সমস্ত যুবককে ৪,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। শুধু তাই-ই নয়, এই প্রেক্ষিতে একটি লিঙ্কও দেওয়া হচ্ছে, সেখানে ক্লিক করে এই যোজনার জন্য রেজিস্ট্রেশন করা যাবে বলেও দাবী করা হয়েছে।
এমন একটি খবর ছড়িয়ে পড়তেই তা আদৌ কতটা সত্যি, তা নিয়ে সন্দেহ ওঠে জনগণের মনে। এই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন আদৌ যুবকরা করবেন কী না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন অনেকেই। এরপরই এই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় তথ্য যাচাইকারী সংস্থা পিআইবি।
আর এই খবরের ফ্যাক্ট চেক করতেই বেরিয়ে এল আসল তথ্য। পিআইবি-র তরফে জানানো হয়েছে যে এই তথ্য একেবারেই ভুয়ো। পিএম রামবাণ সুরক্ষা যোজনার অধীনে মোদী সরকারের তরফে এমন কোনও বার্তা দেওয়া হয়নি। যুবকদের চার হাজার টাকার সহায়তা করা হবে, তা সম্পূর্ণ ভুয়ো। এটি একটি সাইবার জালিয়াতি, তা স্পষ্ট বলে দেওয়া হয়েছে পিআইবি-র তরফে।
পিআইবি-র তরফে এমনও জানানো হয়েছে, ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তরফে পিএম রামবাণ সুরক্ষা যোজনার জন্য রেজিস্ট্রেশন করতে যে লিঙ্কটি পাঠানো হচ্ছে, তাতে ক্লিক করে নিজের নানান তথ্য দিতেই সেই যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গিয়েছে।
পিআইবি বারবার স্পষ্ট করে দিয়েছে যে এই ধরণের কোনও প্রতিশ্রুতি মোদী সরকারের তরফে ঘোষণা করা হয়নি। এই খবরটি সম্পূর্ণ ভুয়ো। আপনার কাছেও যদি এই ধরণের কোনও মেসেজ আসে, তাহলে সতর্ক থাকুন। সেই মেসেজে পাঠানো লিঙ্কে কখনই ক্লিক করে নিজের তথ্য ফাঁস করবেন না। সাইবার জালিয়াতি থেকে নিজেকে সুরক্ষিত রাখুন।





