আজ ভোররাতে ভারতীয় টুইটারবাসীরা হঠাৎ করে বেশ কিছু সেলিব্রিটি প্রোফাইলের টুইট দেখে ঘাবড়ে গিয়েছিলেন! জো বিডেন, ব্যারাক ওবামা, কিম কারদাশিয়ান, ইলন মাস্ক সহ অনেকের প্রোফাইল থেকে একই রকমের টুইট করা হয়। প্রথমে বুঝতে না পারলেও পরে বোঝা যায় যে ডার্ক ওয়েবের সদস্যরা বিটকয়েনের জন্য এই টুইট করেছে। ততক্ষণে এই সেলিব্রিটি প্রোফাইলগুলো হ্যাক হয়ে গিয়েছে।
ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হচ্ছে কিন্তু জানা গিয়েছে যে ইতিমধ্যেই হ্যাকাররা প্রায় ১.২ লক্ষ ডলার বিটকয়েন বাজার থেকে তুলে নিয়েছে। টুইটার জানিয়েছে তাদের কর্মীদের হ্যাক করেই সেলেব প্রোফাইল থেকে পোস্ট করতে পেরেছিল সাইবার দুষ্কৃতীরা।
জানা গিয়েছে যে টুইটারের ইন্টার্নাল সিস্টেমকে টার্গেট করেছিল এই ডার্কওয়েবের সদস্যরা। সেইজন্যে অনেক সেলিব্রিটির ভেরিফাইড প্রোফাইল থেকে পোস্ট করতে পেরেছে তারা। টুইটারের যেসব কর্মীদের কাছে ইন্টার্নাল সিস্টেমের অ্যাকসেস আছে তাদেরকেই নিশানা করেছিল এই সাইবার দুষ্কৃতীরা। তারা আর কী কী তথ্য নিয়েছে বা অন্য কার্যকলাপ করেছে, সেগুলি নিয়ে সংস্থা তদন্ত করে দেখছে।
টুইটার তাই এই ভেরিফাইড একাউন্ট গুলোর সাথে বেশ কয়েকঘণ্টা পোস্ট করার অ্যাকসেস তুলে নেয়। কোনরকম কোথাও সমস্যা নেই সেই ব্যাপারে নিশ্চিত হয়েই সেলিব্রিটিদের হাতে তাঁদের ভেরিফাইড হ্যান্ডেল তুলে দেওয়া হবে বলে জানিয়েছে টুইটার।
এখনও পর্যন্ত জানা গিয়েছে যে হ্যাকাররা প্রায় ১.২ লক্ষ ডলারের ক্রিপ্টোকারেন্সি তুলে নিয়েছে।
টুইটার সিইও জ্যাক ডরসি জানিয়েছেন যে টুইটার এর পক্ষ থেকে সমস্যা কোথায় হল তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি এই ব্যাপারে বিশদে জানতে পারলেই সবার সঙ্গে এই তথ্য ভাগ করে নেবেন বলে জানিয়েছেন তিনি।
এই ঘটনার ফলে শেয়ারবাজারে টুইটার এর স্টকের দাম কমেছে প্রায় ৫ শতাংশ। সেলিব্রিটিরা তাঁদের বক্তব্য রাখার জন্য মূলত টুইটারকেই বেছে নেন সেখানে টুইটারের মতো এরকম হাইপ্রোফাইল একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এরকম সিকিউরিটি ব্রিচ ঘটলে তা নিয়ে হইচই পড়বে এটা স্বাভাবিক। যদিও মাত্র ১.২ লক্ষ ডলার বিটকয়েন এর ওপর দিয়েই এই হ্যাকিং গিয়েছে তাও সুরক্ষার ব্যাপারে আর কোনরকম ঝুঁকিই নিতে চাইছে না টুইটার।





