কৃষকদের সুবিধার্থে এবার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে বাদ রাখা হল খাদ্যশস্য, ডাল ও ভোজ্যতেল। এখন থেকে কৃষকরা নিজেদের সুবিধা মত পণ্যের দাম দেখে এই সমস্ত খাদ্যশস্য বিক্রি বা মজুত করতে পারবেন।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের পক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ দিন বিকেলেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বৈঠকে গৃহীত সিদ্ধান্তকে সবার সামনে প্রকাশ করেন। তিনি বলেন, অত্যাবশ্যকীয় পণ্য আইনে কিছু সংশোধন করা হয়েছে।
সংশোধিত আইন অনুযায়ী এবার থেকে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসলের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবেন। তারা উৎপন্ন ফসলের মূল্যের দাম যেখানে বেশি পাবেন, সেখানেই উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন। জাভড়েকরের দাবি করেছেন, প্রায় ৫০ বছর ধরে এই আইন সংশোধনের দাবি বকেয়া পড়েছিল। আজ তার সুরাহা হল,
মন্ত্রী জানিয়েছেন, ভারতে ‘এক দেশ এক বাজার’ নীতিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। এর ফলে কৃষকরা বাজার কমিটির নিয়ন্ত্রণে থাকবেন না। এমনকি তারা নিজেদের ফসলের যথাযথ দামও পাবেন। এর জেরে কৃষিক্ষেত্রে বিনিয়োগ বাড়বে বলেও মনে করেন মন্ত্রী।
https://twitter.com/ANI/status/1268130419444072449?s=20
এ দিনের সাংবাদিক বৈঠকে জাভড়েকরের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং টোমার। বৈঠকে অত্যাবশকীয় পন্য আইনে কী কী পরিবর্তন গ্রহণ করা হয়েছে, তা সবিস্তারে জানান তিনি। লকডাউন পরবর্তী সময় দেশের কৃষিক্ষেত্রকে পুনরায় চাঙ্গা করতেই এই আইন সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।





