‘হু’-এর বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করবেন ভারতের স্বাস্থ্যমন্ত্রীর হর্ষ বর্ধন। আগামী ২২ মে থেকে ৩২ সদস্যের এই কমিটিকে পথ দেখাবেন তিনি। জাপানের হিরোকি নাকাতানির মেয়াদ ফুরোনোর ফলে এবার হর্ষবর্ধনকে এই পদে নির্বাচন করা হয়েছে।
মঙ্গলবার ‘হু’এর এই গুরুত্বপূর্ণ পদে ভারতীয় চেয়ারম্যান নিয়োগের প্রস্তাবে মোট ১৯৪টি দেশ স্বাক্ষর করেছে। যদিও এই স্বাক্ষর পর্ব শুধুই আনুষ্ঠানিক। বহু আগে ২০১৯ সালেই স্থির হয় ২০২০ সালের মে মাসে হিরোকি নাকাতানির মেয়াদ ফুরোলে এই পদে ভারতীয় প্রতিনিধিকে বসানো হবে।
এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি নিয়ে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে রয়েছেন হর্ষ বর্ধন। তবে যেহেতু এই একজিকিউটিভ কমিটি বছরে দু’বার মুখোমুখি বৈঠক করে তাই হর্ষ বর্ধন সুষ্ঠুভাবেই দায়িত্ব সামলাতে পারবেন, এমনটাই ময সংশ্লিষ্টমহলের। সোমবারই ৭৩ তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করেন হর্ষ বর্ধন। সেখানে তিনি করোনা ঠেকাতে ভারতের তৎপরতার কথা তুলে ধরেন।
করোনা আবহছ চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই যুযুধান শিবিরে পরিণত হয়েছে। হু-এর সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের।বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে হর্ষ বর্ধনের এই নতুন দায়িত্ব আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





